Last Updated:
Classical Music Training: বেলদায় স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত হল এক দিনের বিশেষ তবলা কর্মশালা। আধুনিক বৈদ্যুতিন যন্ত্রপাতির দাপট ও আর্থিক অনটন কাটিয়ে গ্রামীণ এলাকার উদীয়মান শিল্পীদের ভবিষ্যৎ গড়তেই কলকাতার নামী শিল্পীকে এনে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের প্রাচীন ধারা। হারমোনিয়াম, তবলা, তানপুরা কিংবা সেতারের সুরে একসময় মজে থাকত আপামর ভারতবাসী। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি সংস্কৃতির প্রভাবে এবং আধুনিক বাদ্যযন্ত্রের রমরমার কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ভারতের এই নিজস্ব সম্পদ। এবার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সেই শাস্ত্রীয় সঙ্গীতের ধারাকে বহমান রাখতে অভিনব উদ্যোগ নিল স্থানীয় বেশ কয়েকজন যুবক।
তাঁদের তৈরি সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদায় আয়োজন করা হল এক দিনের বিশেষ তবলা কর্মশালা। বর্তমান যুগে আধুনিক বৈদ্যুতিন যন্ত্রপাতির দাপটে তবলার চর্চা অনেকটাই ম্লান। তাছাড়া, প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতা বা অন্য কোনও বড় শহরের এলাকার মত অত্যাধুনিক প্রশিক্ষণ নেওয়া সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর্থিক ও যাতায়াতের দূরত্বের কারণে অনেক প্রতিভাই যথাযথ পরিচর্যার অভাবে হারিয়ে যায়।
তাই গ্রামের উঠতি শিল্পীরা যাতে শহরের মত উন্নত মানের তালিম পায় এবং নিজেদের শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা চালিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই বেলদাতে এই কর্মশালার আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, সারাদিন ব্যাপী এই ওয়ার্কশপে প্রায় পঞ্চাশের বেশি ছেলেমেয়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেয়। কর্মশালায় সবচেয়ে বেশি নজর কেড়েছে মেয়েদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, যা এই শিল্পের ভবিষ্যতের জন্য খুব ভাল একটি দিক।
কলকাতা থেকে আসা বিশিষ্ট তবলা শিল্পী অভিরূপ রায়ের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ শিবিরটি পরিচালিত হয়। নামী শিল্পীর কাছ থেকে তবলার নতুন বোল, তাল ও লয় শিখতে পেরে দারুণ খুশি অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। পিছিয়ে নেই অভিভাবকরাও। ঘরের কাছেই ছেলেমেয়েদের এমন সুযোগ পাওয়ায় তাঁরাও অত্যন্ত আনন্দিত। তাঁদের মতে, এমন একটি সুন্দর আয়োজন গ্রামীণ এলাকায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Paschim Medinipur,West Bengal
Jul 27, 2026 11:17 PM IST