Last Updated:
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাতারাতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তর কলকাতা জুড়ে পোস্টার পড়ে। পোস্টারে কুণাল ঘোষ ও তাপস রায়ের নাম থাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
কলকাতাঃ সোমবার রাতে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পরই রাতারাতি উত্তর কলকাতার একাধিক এলাকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এমনকি সাংসদের বাড়ির কাছেও ওই পোস্টার দেখা যায়। পোস্টারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’ এবং ‘বেইমান’ বলে কটাক্ষ করা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ, পোস্টারের নীচে লেখা রয়েছে— ‘প্রচারে: তাপস রায়, কুণাল ঘোষ’। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নয়া জল্পনা তৈরি হয়েছে।
পোস্টারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘বেইমান আর চোরটা/নয়নাদিদির বরটা’। পোস্টারের নীচে তাপস রায় ও কুণাল ঘোষের নাম থাকায় বিষয়টি আরও বিতর্কের জন্ম দিয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘পোস্টারের কথা কিছু জানি না। আমার নাম কেন লেখা হয়েছে জানি না। আর তাপস রায় তো অন্য দলের লোক এখন। এবার আমি জানি না কোন তাপস দার কথা বলছে। তবে পোস্টারে লেখা, তার সঙ্গে একমত। সুদীপ বন্দ্যোপাধ্যায় চোর বা বেইমান এই কথাটি সবাই জানে। তাপস দা অনেকবার বলেছে, আমিও অনেকবার বলেছি। তাপস দা অনেক অভিমান, অপমান নিয়ে দল ছেড়েছেন। পোস্টারটা যেই আঙ্গিকে আছে ওই কুণাল ঘোষ আর আমি কুণাল ঘোষ এক নই কিন্তু পোস্টারের লেখার সঙ্গে আমি সহমত।’’
অন্যদিকে, বিজেপি নেতা তাপস রায় এই পোস্টারের সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন। তাঁর বক্তব্য, “এই পোস্টারের সাথে তার যোগ নেই। তিনি উল্লেখ করেছেন খামোখা কুণাল ঘোষের সাথে কেন তিনি পোস্টার দেবেন? এছাড়া বিধানসভা ভোটে তাপস রায় বলে একজনকে তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে নামিয়েছিল। ফলে এর সাথে যোগ নেই তাঁর।”
Kolkata,West Bengal
Jul 28, 2026 11:44 AM IST
