বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। এবং ক্রমশ দুর্বল হবে। এই মুহূর্তে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিসগড়ের উপর অবস্থান করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। মৌসুমী অক্ষরেখা অনুপগড় থেকে ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ, আবার কোনও জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বেশিরভাগ জেলাতে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলায় বৃষ্টি ও দমকা বাতাসের সম্ভাবনা বেশি থাকবে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
বুধবার মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছু জেলাতে। হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস বইবে। বুধবার থেকে সোমবার পর্যন্ত আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলাগুলিতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা চলবে সোমবার পর্যন্ত। আজ, বুধবার উত্তরবঙ্গের চার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শনিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা সামান্য কমতে পারে। তিন জেলাতে হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে ।
আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৪.৮ মিলিমিটার।