Last Updated:
বাঁকুড়ার শালতোড়া বিস্ফোরণ মামলায় সাঁতরাগাছি থেকে এক বিস্ফোরক সরবরাহকারীকে গ্রেফতার করেছে এনআইএ। গত সপ্তাহে নলহাটি থেকে ডিটোনেটর উদ্ধার ও এক অভিযুক্তকে জেরা করার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়।
শালতোড়া: বাঁকুড়ার শালতোড়া বিস্ফোরণ মামলায় এক বিস্ফোরক সরবরাহকারীকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার রাতে সাঁতরাগাছি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত দক্ষিণ ভারতে যাওয়ার জন্য ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগেই তাঁকে আটক করে এনআইএ। ধৃতকে বৃহস্পতিবার এনআইএ আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ অগাস্ট রাতে বাঁকুড়ার শালতোড়া থানার লাউপাহাড়ি এলাকায় তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে জয়দেব মণ্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রচণ্ড জোরে শব্দ হয়। প্রাথমিক ঘোর কাটিয়ে লাপাহাড়ি মোড়ের স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় বেরোতেই দেখেন বাঁকুড়া-শালতোড়া রাজ্য সড়কের একপাশে পড়ে রয়েছে বিস্ফোরণে কয়েক টুকরো হয়ে যাওয়া একটি বাইক। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাইকচালক। তাঁকে দেখে চিনতে পারেন ব্যবসায়ীরা। ৫২ বছরের জয়দেব স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেবের একটি পা হাঁটুর নীচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্থানীয়দের সাহায্য নিয়ে শালতোড়া থানার পুলিশ জয়দেবকে উদ্ধার করে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে জখম বাইকচালককে নিয়ে যাওয়া হয়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে প্রথমে পুলিশ ধনঞ্জয় ঘোড়ুই ও করিমুল খান নামে দু’জনকে গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। তদন্ত চলাকালীন এই ঘটনায় ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে নিউ টাউন থেকে গ্রেফতার করেছিল এনআইএ। অভিযোগ ছিল, তিনি কনসাইনমেন্ট হিসেবে ডিটোনেটর এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছিলেন। গত সপ্তাহে এই মামলায় বীরভূমের নলহাটিতে অভিযান চালায় এনআইএ। সেখানে প্রচুর সংখ্যক ডিটোনেটর বাজেয়াপ্ত করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়। ওই ধৃতকে জেরা করার পরই বুধবার রাতে সাঁতরাগাছিতে অভিযান চালিয়ে বিস্ফোরক সরবরাহকারীকে গ্রেফতার করে এনআইএ।
Kolkata,West Bengal
Jul 29, 2026 11:42 AM IST
