Last Updated:
North 24 Parganas News: বয়স মাত্র সাড়ে চার বছর, এই ছোট বয়সেই আদরের চিনি এখন গোটা বাংলার গর্ব৷ ‘দাদাগিরি’-র মঞ্চে প্রথম হয়ে অভিনেতা দেব-সহ বাংলার মানুষের মন জিতে নিয়েছেন খুুদে! তাকে নিয়ে গর্বিত হাবড়াবাসী৷
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মাত্র সাড়ে চার বছরেই সারা বাংলার মন জয়, ‘দাদাগিরি’-র মঞ্চে প্রথম হয়ে হাবরার গর্ব হয়ে উঠেছে ছোট্ট প্রিশা। এখনও স্পষ্ট করে সব কথা বলতে শেখেনি। অথচ নিজের নিষ্পাপ হাসি, সরলতা এবং অসাধারণ উপস্থিত বুদ্ধি দিয়ে সারা বাংলার মানুষের মন জয় করে নিয়েছে হাবড়ার খুদে প্রতিভা প্রিশা চক্রবর্তী, যাকে সকলেই আদর করে ‘চিনি’ নামে চেনে।
জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দাদাগিরি’-র মঞ্চে প্রথম স্থান অধিকার করে নজির গড়েছে এই ক্ষুদে। অনুষ্ঠানের মঞ্চে চিনি শুধু দর্শকদেরই নয়, অনুষ্ঠানের সঞ্চালক টলিউড অভিনেতা দেবকেও মুগ্ধ করেছে। দেব নিজেও তাকে স্নেহভরে ‘চিনি’ বলে ডাকেন। মঞ্চেই দেবের সঙ্গে গান ও নাচ করার ইচ্ছার কথা জানায় প্রিশা। এমনকি দেবকে নিজের মতো করে নাচ শেখানোর চেষ্টাও করে সে। তার এই সরল আচরণ এবং স্বতঃস্ফূর্ত কথাবার্তা মুহূর্তেই দর্শকদের মন জয় করে নেয়। প্রিশার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির আবহ তার পরিবারে।
ছোট্ট প্রিশার ভবিষ্যৎ স্বপ্নও বেশ মজার। বড় হয়ে সে পুলিশ অফিসার হতে চায়। তার আধো আধো কথায়, যারা জাঙ্ক ফুড খায়, যারা মা-বাবার কথা শোনে না, যারা বেশি মোবাইল দেখে, তাদের ধরে ধরে জেলে ভরে দেব। এই নিষ্পাপ মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়ছেন সকলেই। হাবড়ার এই ক্ষুদে প্রতিভার সাফল্যে গর্বিত গোটা এলাকা। অল্প বয়সেই নিজের সহজ-সরল ব্যক্তিত্ব ও প্রতিভার জোরে প্রিশা চক্রবর্তী আজ শুধু হাবরার নয়, সারা বাংলার পরিচিত মুখ হয়ে উঠেছে।
Kolkata,West Bengal