Last Updated:
Tollywood Debut: গান গাওয়ার আগের মুহূর্তেও জানতেন না৷ খবর পেয়েই আনন্দে আত্মহারা৷ টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’ সিনেমা গান গেয়ে অশোকনগরের ক্ষুদে গায়ক আয়ুষ এখন নতুন স্টার৷
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’ সিনেমা গান গেয়ে এখন অশোকনগরের খুদে গায়ক আয়ুষ মজুমদার যেন হয়ে উঠেছে সিঙ্গিং স্টার। শুরুতে সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার পাশে বসে বাংলা গান গেয়ে ভাইরাল হয়েছিল অশোকনগরের এই খুদে প্রতিভা আয়ুষ। এরপর জনপ্রিয় টেলিভিশনের একটি গানের রিয়্যালিটি শোয়ে নিজের অসাধারণ কণ্ঠের জাদুতে বিচারক থেকে অতিথি সকলের মন জয় করে নিয়েছিল সে। এবার সেই আয়ুষের সাফল্যের মুকুটে জুড়ল আরও এক নতুন পালক।
টলিউডে রিলিজ হওয়া ‘অভিমান’ সিনেমায় তার গাওয়া গান ব্যবহার হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের পক্ষ থেকে ফোন করে আয়ুষের কণ্ঠে একটি গান রেকর্ড করার অনুরোধ জানানো হয়। এরপর বাবা-মাকে সঙ্গে নিয়ে রেকর্ডিং স্টুডিওতে পৌঁছে যায় আয়ুষ। তখনও তারা জানতেন না, গানটি কোন ছবিতে ব্যবহার করা হবে। বিশেষ তালিমের পর গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। পরে জানা যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অভিমান’ ছবিতে তাঁর ছেলের চরিত্রের জন্যই আয়ুষের কণ্ঠ ব্যবহার করা হয়েছে। ছবির গানটির কথা ও সুর করেছেন পরিচালক তথা সুরকার সৃজিত মুখার্জি।
ছবির মুক্তির খবর প্রকাশ্যে আসতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন আয়ুষের পরিবারের সদস্যরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের মতো তারকাদের ছবিতে নিজের ছেলের কণ্ঠ শোনা যাবে এই খবরেই যেন আপ্লুত বাবা অনিমেষ মজুমদার ও মা অর্পিতা মজুমদার। বর্তমানে অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীতচর্চা চালিয়ে যাচ্ছে। তার নিয়মিত সাধনার ফলেই আজকের এই সাফল্য।
বাবা একজন সঙ্গীতপ্রেমী এবং মা একসময় সঙ্গীত নিয়ে পড়াশোনা করলেও সংসারের কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। আজ ছেলের হাত ধরেই যেন সেই অপূর্ণ স্বপ্ন পূরণ হচ্ছে। অরিজিৎ সিংয়ের ভক্ত আয়ুষকে অনেকেই এখন মজা করে “অশোকনগরের অরিজিৎ সিং” বলেও ডাকছেন। এলাকায় বেরোলেই এখন তাকে ঘিরে ধরছেন মানুষ। গান শোনানোর আবদার, সেলফি ও ছবি তোলার আবেদনে কার্যত ছোট্ট এই শিল্পী এখন হয়ে উঠেছে এলাকার সেলিব্রিটি। আয়ুষের এই সাফল্যে গর্বিত শুধু তার পরিবার নয়, গোটা অশোকনগর এবং জেলার সঙ্গীতপ্রেমীরাও।
Kolkata,West Bengal