Last Updated:
Agriculture Diploma Course: গ্রামীণ যুবসমাজকে স্বনির্ভর করতে সারগাছি রামকৃষ্ণ মিশনের বড় উদ্যোগ। আশ্রমে চালু হল ‘রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড এগ্রিকালচার অ্যান্ড ম্যানেজমেন্ট’। ২ বছরের এই ডিপ্লোমা কোর্স সহজেই বদলে দিতে পারে ভবিষ্যত। আবেদনের সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এবার এই জেলায় নতুন পড়ুয়াদের জন্য এক সুবর্ণ সুযোগ। কৃষির হাত ধরেই স্বনির্ভরতা লক্ষ্য নিল সারগাছি রামকৃষ্ণ মিশন। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। গ্রামীণ যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করতে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড এগ্রিকালচার অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্বোধন করা হয়েছে।
সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে ‘ইন্টিগ্রেটেড এগ্রিকালচার অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ে দুই বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সেরও পথ চলা শুরু হল। ফলে আর অন্য রাজ্যে এই কোর্স করতে ছুটতে হবে না। এই কোর্সের ফলে ম্যানেজমেন্ট শিক্ষা পাবেন ছাত্র ছাত্রীরা। দুই বছরের এই ডিপ্লোমা কোর্স করতে কীভাবে কর্মসংস্থান হতে পারে তা নিয়ে সচেতন করা হয় ছাত্র ছাত্রীদের। গ্রামীণ যুব সমাজকে কৃষি শিক্ষার আধুনিকরন থেকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হল রামকৃষ্ণ মিশন আশ্রমের ব্রত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ সহ বিশিষ্টজনেরা। এই কোর্স করলে আগামী দিনে যুব সমাজের মধ্যে কৃষি ও ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে বলে আশাবাদী সারগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক। সারগাছি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ জানিয়েছেন, নিজের পায়ে ছাত্র ছাত্রীদের দাঁড়ানোর জন্য উদ্যোগী গ্রহণ করা হয়েছে।
যারা আগামী দিনে এই কোর্স করবেন তাদের তিন বছরের মধ্যেই নিজের প্রতি সম্মান ফিরে পাবেন। এই কোর্স করলে আগামী দিনে কর্ম সংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে। বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে কৃষি, প্রাণী বিদ্যা ও হরটিকালচার সিলেবাস তৈরি করা হয়েছে। অনেকে কর্মসংস্থানের অভাবে নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছেন। তবে এই সমস্ত কোর্স এবার চালু হলে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নপূরণ হবে। ফিরে আসবে আত্মবিশ্বাস।
Murshidabad,Murshidabad,West Bengal