Last Updated:
Flower Business: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে চরম ক্ষতির মুখে ফুল চাষি ও ব্যবসায়ীরা। জমিতে জল জমে ফুল পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেনা দামের চেয়েও কমে বিকোচ্ছে ফুল। ৩০০ টাকার মালা মিলছে ৫০ টাকায়। অনেক চাষি থেকে ব্যবসায়ী এই ধাক্কা সামলাতে গিয়ে দিশেহারা।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: টানা দু-দিনের অঝোর বৃষ্টিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় ফুল ব্যবসায়ীরা। বিয়ের মরশুম বা অন্যান্য অনুষ্ঠান চলা সত্ত্বেও বৃষ্টির কারণে ফুল বাজারে তৈরি হয়েছে তীব্র মন্দা। বৃষ্টিতে জমে থাকা জলের কারণে চাষিদের জমিতে ফুল পচে নষ্ট হতে বসেছে, অন্যদিকে ক্রেতার অভাবে বাজারে ফুলের দাম তলানিতে এসে ঠেকেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির আগে যেসব ফুলের মালা ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হত, তা এখন নেমে এসেছে মাত্র ৩০ থেকে ৫০ টাকায়। আবার ১৫০ থেকে ২০০ টাকা মূল্যের গোলাপের তোড়া বা থোকা এখন বিক্রি করতে হচ্ছে ৩০ টাকায় বা বান্ডিল ১০-২০ টাকায়। ফুল ব্যবসায়ী শিবু দত্ত দীর্ঘ ১৫-২০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত।
তিনি জানান, হঠাৎ শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। জমিতে জল জমে ফুল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে ফুল ব্যবসায়ীরা জলের দরে তা বেচে দিচ্ছেন। বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় হাতে গোনা কয়েকজন ক্রেতা বেরালেও, তাঁদের কাছে অতি কম দামে ফুল বিক্রি করতে হচ্ছে। লাভ তো দূরের কথা, কেনা দাম বা আসল টাকা তোলাও অসম্ভব হয়ে পড়েছে।
Nadia,West Bengal
Aug 03, 2026 11:08 PM IST