Last Updated:
Delimitation Bill: ডিলিমিটেশন বিল নিয়ে বুধবার রাহুল গান্ধির সঙ্গে প্রায় ৫০ মিনিট বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। অন্যদিকে নিট আন্দোলন, ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ এবং রাম মন্দির অনুদান বিতর্ক-সহ একাধিক বিষয় নিয়ে সাংসদে সরব বিরোধীরা৷
নয়াদিল্লি: ডিলিমিটেশন বিল নিয়ে অচলাবস্থা কাটাতে তৎপর কেন্দ্র সরকার৷ বুধবার সংসদ ভবনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রায় ৫০ মিনিটের ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
কংগ্রেস সূত্রের খবর, রাহুল গান্ধীর সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধীদের অবস্থান জানতে চান কিরেন রিজিজু। সরকার চাইছে এই গুরুত্বপূর্ণ বিল নিয়ে সর্বসম্মত মত গড়ে তুলতে এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দলের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।
সূত্রের দাবি, রাহুল গান্ধী জানিয়েছেন যে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। তবে দলের মত, বিলে থাকা একাধিক উদ্বেগ ও আপত্তির সমাধান না হলে বর্তমান প্রস্তাবকে সমর্থন করা সম্ভব নয়।
চলতি বর্ষাকালীন অধিবেশনে বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরেই কার্যত অচল হয়ে পড়েছে সংসদের কাজ। বিরোধী দলগুলির দাবি, ককরোচ জনতা পার্টি (CJP)-র ডাকা ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে বিবৃতি দিতে হবে।
বুধবারও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিরোধী জোটের একাধিক সাংসদ সংসদ চত্বরে প্রেরণা স্থলের গান্ধী মূর্তি থেকে মকর দ্বার পর্যন্ত মিছিল করেন। ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ এবং অন্যান্য ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তাঁরা।
রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও পুনরায় দাবি জানান, নিট আন্দোলন এবং ছাত্রদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে বক্তব্য রাখতে হবে।
এছাড়া রাম মন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগ নিয়েও সরকারকে ঘিরে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। গত কয়েকদিন ধরে প্রতীকী অনুদান বাক্স হাতে নিয়ে সংসদ চত্বরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী সাংসদরা।
২০ জুলাই থেকে শুরু হওয়া বর্ষাকালীন অধিবেশনে লাগাতার বিক্ষোভের কারণে লোকসভায় এখনও পর্যন্ত একদিনও পূর্ণাঙ্গ প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করা যায়নি। যদিও এই সময়ে পাঁচটি বিল আলোচনা ছাড়াই পাস হয়েছে।
বুধবার অধিবেশন শুরু হওয়ার পর লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী সদস্যদের উদ্দেশে বলেন, “সদনের ভিতরে বা বাইরে স্লোগান দেওয়া গণতন্ত্রের পক্ষে শুভ নয়। প্ল্যাকার্ড দেখিয়ে ও স্লোগান তুলে আপনারা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করছেন।” ডিলিমিটেশন বিল নিয়ে সরকার-বিরোধী আলোচনা এবং সংসদের অচলাবস্থা আগামী দিনে কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Kolkata,West Bengal
