Last Updated:
বিনিয়োগকারীদের মাসে মাসে টাকা ফেরতের টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ছিল রাঠোর দম্পতির বিরুদ্ধে৷
৮৮ কোটি টাকা প্রতারণায় বিদেশে গিয়ে আশ্রয় নেওয়া বিশাখা রাঠোরকে হাতে পেল সিবিআই৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশমন্ত্রকের সহযোগিতায় বড়সড় আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত এই বিশাখাকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছে৷ গত ৩ অগাস্ট ভারতে ফেরার পরই বিশাখাকে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযুক্ত বিশাখা রাঠোরের বিরুদ্ধে ভারত সরকার এবং তদন্তকারী সংস্থার অনুরোধে রেড কর্নার নোটিসও জারি করেছিল ইন্টারপোল৷
জানা গিয়েছে, বিশাখা এবং তাঁর স্বামী অবিনাশ রাঠোর মিলে বাজার থেকে ৮৮ কোটি টাকা তুলেছিলেন৷ মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের সুদ পাওয়ার আশায় টাকা রেখেছিলেন বিনিয়োগকারীরা৷ বিপুল অঙ্কের টাকা তোলার পর বিশাখা এবং তাঁর স্বামী গা ঢাকা দেন বলে অভিযোগ৷
অভিযোগ, বিনিয়োগকারীদের টাকা বেআইনি ভাবে অন্য উদ্দেশে ব্যবহার করেন বিশাখা৷ একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে তিনি এই প্রতারণা করেন বলে অভিযোগ৷
গত সোমবার ৩ অগাস্ট মহারাষ্ট্রের পুণেতে এসে পৌঁছন বিশাখা৷ বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের একটি দল৷ বিশাখার স্বামী অবিনাশকে গত ২৩ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়৷ মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবিনাশকে গ্রেফতার করে পুণের আর্থিক অপরাধ দমন শাখা৷
আদালতে পেশ করা হলে অবিনাশের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ অবিনাশই এই প্রতারণ চক্রের মূল মাথা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে৷ ধৃত অবিনাশ এবং তাঁর স্ত্রী বিশাখাকে জেরা করে বিনিয়োগকারীদের টাকা কোথায় সরানো হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ৷
Kolkata,West Bengal
