নয়াদিল্লি : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? এনিয়ে নানা জল্পনা-চর্চার মধ্যেই সামনে এল সরকারের বিবৃতি। শনিবার কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিল, UPI পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে এবং এরজন্য কোনও মাশুল বা চার্জ দিতে হবে না। চলতি সপ্তাহের শুরুর দিকে লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’ পাস হওয়ার পর এনিয়ে অবস্থান ব্যাখ্যা করল সরকার। এর আগে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, এই বিলের মাধ্যমে সরকার ব্যাঙ্ক ও পেমেন্ট কোম্পানিগুলিকে ভবিষ্যতে ইউপিআই (UPI) এবং অন্যান্য ডিজিটাল লেনদেনের ওপর ফি ধার্য করার অনুমতি দিতে পারবে। যদিও এক প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় সরকার এখন জানিয়েছে যে, গ্রাহক ও ব্যবসায়ী—উভয়ের জন্যই অধিকাংশ লেনদেন বিনামূল্যে করা যাবে। তবে সরকার এ-ও জানিয়েছে যে, ব্যবসায়ীদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু লেনদেনের জন্য নামমাত্র মাশুল বা চার্জ প্রযোজ্য হতে পারে।
সরকার জানিয়েছে যে, পেমেন্ট করার সময় গ্রাহকদের কোনও লেনদেন ফি দিতে হবে না এবং সব ধরনের ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন বিনামূল্যে অব্যাহত থাকবে। সরকার আরও উল্লেখ করেছে, ভবিষ্যতে যখন এমডিআর (MDR) চার্জ চালু করা হবে, তখন তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু নির্দিষ্ট মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং সেই হার হবে নামমাত্র—যা ডেবিট বা ক্রেডিট কার্ডের এমডিআর-এর তুলনায় অনেক কম।
মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) হল কোনও বিক্রেতা বা মার্চেন্টের কাছে ডিজিটাল বা কার্ডের মাধ্যমে করা পেমেন্টের ওপর ধার্য করা ফি। এখন পর্যন্ত ইউপিআই (UPI)-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে MDR-এর হার শূন্য। অর্থাৎ, ইউপিআই পেমেন্ট গ্রহণ করার জন্য বিক্রেতাদের সাধারণত কোনও লেনদেন ফি দিতে হয় না। সরকার বলছে যে, যদিও অধিকাংশ লেনদেনই হবে বিনামূল্যে, তবুও এমডিআর (MDR) যদি চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপর ভিত্তি করেই ধার্য করা হবে এবং “সবার ওপর ঢালাওভাবে তা আরোপ করা হবে না।”
সরকার আরও জানিয়েছে যে, ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর ১০এ (10A) ধারা সংশোধনের প্রস্তাব সম্বলিত ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে পাস হওয়ার পর, এনপিসিআই (NPCI)-এর নেতৃত্বাধীন ‘ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি’ এমডিআর (MDR)—যদি আদৌ কোনও এমডিআর ধার্য করা হয়—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।