চেন্নাই: আগামী মরশুমে মহেন্দ্র সিংহ ধোনিকে কোন ভূমিকায় দেখা যাবে চেন্নাই সুপার কিংসে? আদৌ কি ক্রিকেটার হিসেবে আর মাঠে নামবেন পাঁচবারের আইপিএল জয় প্রাক্তন অধিনায়ক, না কি নতুন কোনও দায়িত্বে দেখা যাবে? ফ্র্যাঞ্চাইজির দীর্ঘদিনের কোচ হিসেবে দায়িত্ব সামলানো স্টিফেন ফ্লেমিং ইতিমধ্য়েই দল থেকে বেরিয়ে গিয়েছেন। ১৮ বছরের পার্টনারশিপের পর দল থেকে আলাদা হয়েছেন ফ্লেমিং। তাঁর পরিবর্তে কে হবেন কোচ? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন মাইক হাসি যোগ্য বিকল্প হতে পারেন।
রবিচন্দ্রন অশ্বিন অইন মর্গ্যানের কথা বলেছিলেন। কিন্তু শ্রীকান্ত প্রাক্তন ইংরেজ অধিনায়ককে যোগ্য মনে করছেন না। তিনি বলছেন, ‘আমি কোনওভাবই মর্গ্যানকে যোগ্য বিকল্প হিসেবে দেখি না। অবশ্যই ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দারুণ খেলেছে মর্গ্যান। নিজেও দারুণ ব্যাটার ছিলেন। কিন্তু কোচ হিসেবে আমার কাছে আহামরি কিছুই না মর্গ্যান। এমনকী কেকেআর ক্যাপ্টেন হিসেবেও তেমন কিছুই করতে পারেননি।’
কিন্তু কোচ নির্বাচনের আগে ধোনির ভূমিকা কী হতে পারে, তা ঠিক করা প্রয়োজন বলে মনে করছেন শ্রীকান্ত। ২০২৬ আইপিএলে একটি ম্য়াচেও খেলেননি এমএসডি। শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘ধোনির ভূমিকা কী হবে চেন্নাই সুপার কিংসে? এটা একটা বড় প্রশ্ন। যার উত্তর দ্রুত ম্য়ানেজমেন্টকে খুঁজে বার করা প্রয়োজন। বাকি সব কিছু তো হবেই।’
ফ্লেমিং কোচ থাকার সময়েই ধোনির সঙ্গে তাঁর জুটি ছিল। চেন্নাই অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জয়। কিন্তু এখন ফ্লেমিং অধ্যায় শেষ সিএসকেতে। এই পরিস্থিতিতে ৪৫ এর ধোনিকে নিয়ে আর এগোতে চাইবে কি না ফ্র্যাঞ্চাইজি, তা নিয়েও প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালে অবসর নিয়ে নিলেও আইপিএল থেকে অবসর ঘোষণা করেননি মহেন্দ্র সিংহ ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি গত আইপিএলে একটি ম্য়াচেও খেলেননি। চোটের জন্য শুরুর দিকে কয়েকটা ম্যাচে তিনি ফিট ছিলেন না। পরে ফিট হলেও দলের ছন্দ নষ্ট হতে পারে ভেবে খেলেননি। তারপর থেকেই জোর জল্পনা, ধোনি কি ক্রিকেটার হিসাবে শেষ আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন? পরের আইপিএলে ধোনিকে কি ক্রিকেটার হিসাবে দেখা যাবে আর? তাঁর ফিটনেস নিয়ে ইতিমধ্য়েই নানাবিধ প্রশ্ন উঠতে শুর হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ধোনিই এখন বোঝা হয়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজির।