কলকাতা: কুইক-কমার্স প্ল্যাটফর্ম জেপ্টো (Zepto) ফ্রি ডেলিভারির জন্য সর্বনিম্ন অর্ডারের সীমা ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করেছে। প্রায় ৫০ টাকা বৃদ্ধি হল। এর মানে হলো, এখন থেকে কোনও ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য অর্ডার করতে গ্রাহকদের কমপক্ষে ১৯৯ টাকার কেনাকাটা করতেই হবে। অন্যথায় আপনাকে গুনতে হবে ডেলিভারি চার্জ। এছাড়াও, সর্বোচ্চ চাহিদার সময়ে সর্বনিম্ন অর্ডারের পরিমাণ বেড়ে ২৯৯ টাকা হয়েছে। এই বৃদ্ধির ফলে, জেপ্টোর ফ্রি ডেলিভারির মূল মূল্য এখন ব্লিংকিট এবং ইন্সটামার্টের মতো প্রতিযোগীদের সমপর্যায়ে চলে এসেছে। এর ফলে, যারা এই সব সংস্থায় অনলাইন কেনাকাটার উপর বেশি নির্ভরশীল তাঁদের এখন মাথায় হাত। পাশাপাশি, Zomato তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে প্রায় ১৪.৯০ টাকা করেছে। যা আগে ছিল ১২.৫০ টাকা।
কেন এমন সিদ্ধান্ত ?
সূত্রের খবর, কোম্পানিটি এখন আর শুধুমাত্র অর্ডারের সংখ্যা বাড়ানোর দিকেই মনোযোগ দিচ্ছে না, বরং প্রতিটি ডেলিভারির খরচ কমানোর জন্য গড় কেনাকাটার পরিমাণ বাড়ানোর দিকেও নজর দিচ্ছে। কারণ, যদি কোনও গ্রাহক কম টাকার অর্ডার করেন, তবে এর ক্ষেত্রে প্যাকেজিং এবং ডেলিভারির খরচ মেটানো কঠিন কাজ হয়ে উঠেছে সংস্থার। তাদের দাবি, এই নতুন নিয়মটি মানুষকে বিনামূল্যে ডেলিভারি পাওয়ার জন্য তাদের কার্টে আরও বেশি পণ্য যোগ করতে উৎসাহিত করবে। এতে ডেলিভারির ক্ষেত্রে সংস্থার খরচ অনেকটা কমে যাবে।
জোম্যাটো থেকে খাবার অর্ডার করাও এখন ব্যয়বহুল ?
জেপ্টোর পর অনলাইনে খাবার কেনার খরচও বাড়তে চলেছে। আর তা এক ধাক্কায় ১০ থেকে ৩০ শতাংশ। কিন্তু এই বৃদ্ধির কারণ কী? কারণ জানিয়েছেন জ্যোমাটো (Zomato) লিমিটেডের চিফ সাসটেইনেবিলিটি অফিসার অঞ্জলি রবি কুমার। তিনি জানিয়েছেন যে, প্লাস্টিকের প্যাকেজিং থেকে পরিবেশবান্ধব বিকল্পে প্রবেশ করলে এর যে অতিরিক্ত খরচ তা বহন করতে হতে পারে গ্রাহকদের। কারণ, বর্তমানে বেশিরভাগ খাবার প্লাস্টিকের পাত্র বা মোড়কে সরবরাহ করা হয় এবং প্যাকেজিং খরচ সাধারণত অর্ডারের মোট মূল্যের প্রায় ৫% হয়ে থাকে, যা গ্রাহককেই বহন করতে হয়। আর এবারও প্লাস্টিক প্যাকেজিং থেকে সরে আসার এই পদক্ষেপ গ্রাহকদের জন্য খরচ বাড়াতে পারে।
The Hindu-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জ্যোমাটো লিমিটেডের চিফ সাসটেইনেবিলিটি অফিসার অঞ্জলি রবি কুমার জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন সংস্থা খাবার ডেলিভারিতে প্লাস্টিকের পত্র ব্যবহার করে। কিন্তু এর পরিবর্তে যদি পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়, তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে দাম। কারণ, পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, ব্যাগাস, কাগজ বা মাটির পাত্রের মতো বিকল্প উপকরণ ব্যবহার করা হতে পারে। আর এই উপকরণগুলির দাম প্লাস্টিকের তুলনায় বেশি হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে।