কলকাতা: ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-কে পর্দায় ফেরাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আজ এই সিনেমার শ্যুটিং শেষ হয়েছে। ইতিহাস আর গোয়েন্দা গল্প, ছবির নামের মতোই, চিত্রনাট্যেও মিলেমিশে রয়েছে এই দুটি বিষয়। এই ছবির গল্প এমন এক গোয়েন্দার, যিনি সলভ করে ফেলেন বিভিন্ন পুরনো সব কেস যার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। আর শ্যুটিং শেষের দিনই প্রকাশ্যে এল, এই সিনেমার কলাকুশলীদের লুক। সৃজিতের এই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), ইধিকা পাল (Idhika Paul), অনুজয় চট্টোপাধ্যায় (Anujoy Chattopadhyay) এবং অন্যান্যরা। আজ সিনেমার মাত্র ৩ জন অভিনেতা অভিনেত্রীর লুকই প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিতের সিনেমার কলাকুশলীদের লুক প্রকাশ্যে
এই সিনেমায় যীশু সেনগুপ্তের লুকে বেশ চমক রয়েছে। তাঁর কাঁচা পাকা চুল, সঙ্গে কাঁচা পাকা গোঁফ… যীশুকে কার্যত চেনাই দায়। তাঁকে অনেকটাই ডি-গ্ল্যাম লুকে দেখা গিয়েছে। এই সিনেমায় যীশুর লুক তাঁর অন্য অনেক সিনেমার থেকে একেবারে আলাদা। কিছুটা ‘এক যে ছিল রাজা’ ছবির লুকের একাংশের সঙ্গে মিল থাকলেও, যীশুর লুকে বেশ চমক রয়েছে। অন্যদিকে ইধিকাকে মানুষ গ্ল্যামারাস লুকে দেখেই অভ্যস্থ হয়ে পড়েছিলেন। সৃজিতের নতুন সিনেমায় তাঁকে দেখা গিয়েছে একেবারে ডি-গ্ল্যাম লুকে। তাঁর পরণে শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, কপালে বড় টিপ… সব মিলিয়ে ইধিকাকে একেবারে অন্যরকম লাগছে এই ছবিতে। তবে তাঁর একাধিক লুক থাকতে পারে এই সিনেমায়। এর আগে একটি ছবি প্রকাশ্যে এসেছিল, যেখানে দেখা গিয়েছিল সৃজিত হাতে ধরে ইধিকাকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন। তবে এই গোয়েন্দা গল্পের সঙ্গে ইধিকার ক্রিকেট খেলার সম্পর্ক কী, তা অবশ্য এখনও জানা যায়নি।
এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুজয় ও। ছবিতে গোয়েন্দার সহকারীর চরিত্রে দেখা যেতে পারে অনুজয়কে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)-ও। তবে তাঁর লুক এখনই প্রকাশ করতে চাননি সৃজিত। মনে করা হচ্ছে, এই সিনেমায় একাধিক চমক রয়েছে, সেগুলি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে পারে। এই সিনেমাকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি ভাগে তুলে ধরা হবে ইতিহাসের বিভিন্ন ঘটনা, আরেকটি ট্র্যাক রয়েছে বর্তমানের।