কলকাতা: বয়স হয়েছে তাঁর, বর্তমানে আর ক্যামেরার সামনে দেখা যায় না তাঁকে। কিন্তু হঠাৎ ছড়িয়ে পড়ে একটি খবর। বর্ষীয়ান অভিনেতা নাকি প্রয়াত হয়েছেন! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সেই খবর, অনেকে রীতিমতো শোকপ্রকাশ করতেও শুরু করেন। দিনভর এই বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার পরে, অবশেষে নিজেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা। তিনি বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে যে, বিপ্লব চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। অবশেষে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস ফোরামের (West Bengal Motion Picture Artists’ Forum) তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, বিপ্লব চট্টোপাধ্যায়ের একটি ভিডিও। সেখানে তিনি বলেছেন যে, তিনি বেঁচে রয়েছেন, সুস্থ আছেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে কী জানালেন বিপ্লব?
মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে শোনা যাচ্ছে, বিপ্লব চট্টোপাধ্যায় বলছেন, ‘আমার সম্পর্কে একটি বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছে। আমি নাকি মারা গিয়েছি। ওই ফেসবুক-এ হয়তো খবরটা ছড়িয়েছে। দেখুন, মারা তো একদিন যাবই। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এখনও বেঁচে রয়েছি। ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন, থাকব। এই ধরণের বিভ্রান্তিমূলক খবর যে বা যিনি ছড়াচ্ছেন, বন্ধ করুন। শুধু আমার জন্য বলছি না, যাঁর যাঁর সম্পর্কে এই ধরণের খবর ছড়ানো হচ্ছে.. সেগুলো বন্ধ করুন।’ এর আগে, একাধিক অনুষ্ঠানে বিপ্লব চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। তিনি শুধু অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তা নয়, তিনি মঞ্চে উঠে সম্মানও নিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরণের খবর ছড়িয়ে পড়তে, খুব স্বাভাবিকভাবেই আহত হয়েছেন অভিনেতা। তিনি বার বার অনুরোধ করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় যাতে এই ধরণের খবর ছড়িয়ে না পড়ে।
ছোটপর্দা থেকে বড়পর্দা.. বিভিন্ন স্বাদের চরিত্রে বিপ্লব চট্টোপাধ্যায় চিরকাল দর্শকদের অবাক করেছেন। তবে তাঁকে নেতিবাচক চরিত্রেই বেশি দেখেছেন দর্শক। নেতিবাচক চরিত্রেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সে কথা অবশ্য তিনি নিজেও জানেন। তিনি এ ও বলেন যে, অনেকেই এই কারণে বাস্তব জীবনেও মনে করেন যে, তিনি ভীষণই খারাপ মানুষ। তবে বারে বারে ভুয়ো খবর ছড়াতে বারণ করেছেন তিনি।