তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-তে ১৫ জন প্রতিযোগীর খেলা ইতিমধ্যেই জমে উঠেছে। ইতিমধ্যেই ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে এসেছেন একজন প্রতিযোগী। রাজবীর দে (Rajveer Dey)। তাঁদের সঙ্গে বাকি প্রতিযোগীদের সমীকরণ নিয়ে যথেষ্ট চর্চা চলছে। একদিনে জয়িতা, অন্যদিকে সৃজলা আর নন্দিনীর সঙ্গে রাজবীরের সমীকরণ নজর কাড়ছে। তবে এর মধ্যেই উঠে আসছে, আরও একজন প্রতিযোগীর নাম। তিনি জিতু কমল (Jeetu Kamal)। হাওয়ায় এই নাম ভাসছে বেশ কিছুদিন থেকেই। জিতুর হাতে একাধিক সিনেমার কাজ থাকলেও, এই মুহূর্তে নতুন করে কোনও সিনেমার শ্যুটিং শুরু করছেন না তিনি। সামনেই মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন সিনেমা, ‘এরাও মানুষ’। আপাতত সেন্সর বোর্ডে সার্টিফিকেট না পাওয়ায়, সিনেমার মুক্তি কিছুটা পিছিয়ে গিয়েছে। তবে এই সিনেমার প্রচারের কাজ আগেভাগেই সেরে নিয়েছেন জিতু। তবে এই সপ্তাহান্তেই কি বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন তিনি?
‘বিগ বস বাংলা’-র ঘরে কবে পা রাখছেন জিতু? কেন তৈরি হল জল্পনা?
ইতিমধ্যেই কলকাতা ছেড়েছেন জিতু, তবে এখনও পর্যন্ত বিগ বসের বাড়িতে ঢোকেননি তিনি। মনে করা হচ্ছে, এই সপ্তাহে ‘দাদার দরবার’-এর মাধ্যমেই বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন জিতু। তিনি যে এই শোয়ের অন্যতম বড় চমক হতে চলেছেন, সেই বিষয়ে সন্দেহ নেই। তবে এখনও পর্যন্ত কোনও প্রোমোও প্রকাশ্যে আসেনি। আর জিতুর বিগ বসের বাড়ি যাওয়ার জল্পনা আরও বাড়িয়েছে, তাঁর নিজেরই একটি পোস্ট। তিনি সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে একটি জামার ছবি দেওয়া। সেখানে সেলাই করে ফুটিয়ে তোলা হয়েছে, ৪টে লাইন। ‘২৫ শতাংশ আমার। ৭৫ শতাংশ এদের সবার। জীবন শুধু নিজের জন্য বাঁচার নয়। কথা দিলাম।’ এই ছবির নিচে বেশ কয়েকটি লাইন লিখেছেন জিতু। তিনি লিখেছেন, ‘আঠাশ তারিখে হয়তো জামাটার দিকে আপনাদের নজর পড়েনি। কথা দিলাম.. আমি যে নন ফিকশন শো-তে যাচ্ছি, সেখান যেতে যদি জয়ী হয়ে ফিরতে পারি, আমার প্রাপ্ত অর্থের ৭৫ শতাংশ এদের জন্যই বরাদ্দ থাকবে। গৃহহীন মানুষ, অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ ব্যবহার করা হবে। জীবন শুধু নিজের জন্য নয়। যারা জীবনের লড়াইয়ে একটু বেশি অসহায়, তাদের জন্যও কিছু করা আমাদের দায়িত্ব।’
‘বিগ বস’-এর ঘরে জিতু? কী জানালেন এবিপি লাইভ বাংলাকে?
বিগ বসের বাড়িতে যাওয়া নিয়ে, জিতুকে সরাসরি প্রশ্ন করেছিল এবিপি লাইভ বাংলা। জিতু সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘কে বলেছে বিগ বসের ঘরে আমি? আমার ‘বিগ বস’ আমার শিবজী। হ্যাঁ.. বিগ বসের অফার পেয়েছি এই কথা অস্বীকার করছি না। তবে আমি ফেসবুকে এ নিয়ে লিখতে পারব না। কাজের ব্যস্ততায় কথাই বলতে পারছি না।’ বিগ বসের ঘরে গেলে, নিজের ভাবমূর্তি নিয়ে আরও সচেতন হবেন জিতু? অভিনেতা বলছেন, ‘সত্যিই এই বিষয়টা নিয়ে আমি সিদ্ধান্ত নিইনি এখনও। কী হতে চলেছে এখনও জানি না। তবে এটুকু বলতে পারি, আমি নিজের ভাবমূর্তি নিয়ে একেবারেই ভাবি না। আমি যেমন.. ঠিক তেমনই থাকতে চাই। আমার জীবন যেমন চলে, সেটাই চলবে। কোথাও ভুল হলে, ক্ষমা চাইব। কারও থেকে কোনও উপকার পেলে… জোরে থ্যাঙ্ক ইউ বলি।’