তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: দীর্ঘদিন পরে তিনি বসতে চলেছেন পরিচালকের চেয়ারে, ফের লাইটস, ক্যামেরা, অ্যাকশন। খুব তাড়াতাড়ি নতুন সিনেমার শ্যুটিং শুরু করতে চলেছেন, বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। নভেম্বর থেকে তাঁর স্বল্পদৈর্ঘ্যের সিনেমা, ‘বলাই’-এর শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই সিনেমার গান থেকে শুরু করে, প্রি প্রোডাকশন, সমস্ত কাজই হয়ে গিয়েছে। নতুন ছবির কাজ থেকে শুরু করে, টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla)-র সঙ্গে কথা বললেন, প্রভাত রায়।
প্রশ্ন: ‘বলাই’-এর কাজ কীভাবে এগোচ্ছে? শ্যুটিংয়ের জন্য কী পরিকল্পনা রয়েছে?
প্রভাত রায়: ছবির গান ইতিমধ্যেই তৈরি। কবীর সুমন এই ছবির জন্য গান করলেন। প্রি-প্রোডাকশনের কাজও সারা, এবার শুধু শ্যুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষা। আগে যেভাবে কাজ করতাম, সেভাবেই শ্যুটিং করব। তাড়াহুড়ো করে শ্যুটিং করে, ছবির গুণগত মান খারাপ হোক.. সেটা চাই না। সিনেমার গুণগত মান এবং নিখুঁত কাজের ওপর জোর দেব।
প্রশ্ন: আপনি যে সময়ে কাজ করতেন আর বর্তমানে টলিউডে যেভাবে কাজ হয়.. তার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। এই বদলটা কী আপনার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে?
প্রভাত রায়: এতদিন যেভাবে কাজ করে এসেছি, সেভাবেই শ্যুটিং হবে। কোনও চ্যালেঞ্জ নিতে চাই না আমি। আগে একটা ভাল কাজ করার জন্য যতটা সময় দিতাম, ততটাই সময় এখনও দিতে হবে। কাজের ধারায় অন্যরকম কিছু বদল আনব না। একতা (Ekta Bhattacharya) আমার পাশে রয়েছে। আমি কখনোই ঘণ্টার পর ঘণ্টা শ্যুটিং করায় বিশ্বাসী নই। এতে শিল্পীরা অতিরিক্ত ক্লান্ত হয়ে যায়, তখন তাঁদের চোখেমুখে সেটা ফুটে ওঠে। আগে যতটা সময় দিয়ে শ্যুটিং করতাম, সেভাবেই কাজ করার ইচ্ছা রয়েছে।’
প্রশ্ন: রাজ্যে সরকার বদলেছে, টলিউডের কোনও বদল চোখে পড়েছে?
প্রভাত রায়: এই সরকার নতুন এসেছে, ফলে এখনই কিছু বদল প্রত্যাশা করা উচিত নয়। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখনই কোনও সিদ্ধান্তে আসাটা তাড়াহুড়ো হয়ে যাবে। তবে আমি প্রত্যাশা করব, এই সরকার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভাল কিছু পদক্ষেপ নেবে। আমাদেরও নতুন সরকারকে ভাল কাজ করার জন্য একটু সময় দিতে হবে।’
প্রশ্ন: আপনি একটা সময়ে, তারকাদের তৈরি করেছেন, প্রথম কাজ দিয়েছেন, প্রচারের আলোয় নিয়ে এসেছেন। নতুন প্রজন্মের যাঁরা অভিনয় করছেন, তাঁদের সম্পর্কে আপনার মতামত কী?
প্রভাত রায়: এখন যাঁরা অভিনয় করছেন, বেশিরভাগেরই অভিনয় দক্ষতা নেই। তাঁরা গাড়ি-বাড়ি করার দিকেই বেশি আগ্রহী। কত তাড়াতাড়ি যশ-খ্যাতি হবে, সোশ্যাল মিডিয়ায় কত বেশি জনপ্রিয়তা হবে… নতুন অভিনেতা অভিনেত্রীদের অধিকাংশের মাথাতেই এই চিন্তা ঘুরছে। ভাল অভিনয়, ভাল কাজ করতে গেলে বড় অভিনেতাদের অভিনয় দেখতে হবে, শিখতে হবে, ওয়ার্কশপ করতে হবে, পড়াশোনা করতে হবে।
প্রশ্ন: উত্তমকুমারকে নিয়ে টলিউডের শতবর্ষের যে অনুষ্ঠান হল, সেখানে আপনি অনুপস্থিত কেন?
প্রভাত রায়: আমায় যেদিন সম্বর্ধনা জানানো হয়েছিল, সেইদিন গিয়েছিলাম আমি। তারপরে আর যাইনি। বাদ বাকি দিন কী অনুষ্ঠান হয়েছে বা অনুষ্ঠানের আগে ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষকে নিয়ে কী কী মিটিং হয়েছে.. সেই বিষয়ে আমি অবগত নই। তবে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য।