নয়াদিল্লি: মা হতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় বার মা হচ্ছেন তিনি। এই মুহূর্তে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছেন মাহিরা। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর দিলেন তিনি। (Mahira Khan Pregnant)
সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন মাহিরা, যাতে স্বচ্ছ পর্দার আড়ালে দাঁড়িয়ে তিনি। পরনে সাদা গাউন। স্ফীতোদর ছুঁয়ে রয়েছেন তিনি। মাতৃত্বের অনুভূতি ফুটে উঠেছে চোখেমুখে। Mahira Khan Pregnancy)
কোনও রকম উপমায় না গিয়ে, সহজ ভাষায় মাহিরা লেখেন, ‘আমরা একরকম ভাবি, আল্লাহ্ আর এক রকম’। ওই পোস্টে মাহিরাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। কলাকুশলীদের অনেকেও অভিনন্দন জানিয়েছেন নায়িকাকে।
বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে মাহিরাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। শুধু পাকিস্তানি ছবি এবং সিরিয়ালই নয়, বলিউডেও অভিনয় করেছেন মাহিরা। ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: ‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
মাহিরার অভিনয় ক্ষমতার পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা বরাবর। আমেরিকায় পড়াশোনা করার সময় ২০০৫ সালে ব্যবসায়ী আলি আসকরির সঙ্গে ঘনিষ্ঠতা হয় মাহিরার। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের এক সন্তান, আজলান পৃথিবীর আলো দেখে ২০১০ সালে। কিন্তু ২০১৬ সালে মাহিরা এবং আলির বিবাহবিচ্ছেদ ঘটে।
মাঝখানে বলিউড অভিনেতা রণবীর কপূরের সঙ্গে নাম জড়িয়েছিল মাহিরার। তবে দু’জনের কেউই সেই খবরে সিলমোহর দেননি। ২০১৯ সালে ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পর্কে জড়ান মাহিরা। ২০২৩ সালের ২ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এবার তাঁদের কোলে সন্তান আসতে চলেছে। মাহিরার প্রথম পক্ষের সন্তান আজলানের বয়স এখন ১৭ বছর। মাহিরার দ্বিতীয় বিয়েতে ছেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাত ধরে মাকে মণ্ডপে এগিয়ে দেয় সে-ই।
শেষ বার ‘আগ লাগায়ে বস্তি মেঁ’-তে দেখা গিয়েছিল মাহিরাকে। ছবিতে ছিলেন ফাহাদ মুস্তাফা, জাভেদ শেখ, তাবিশ হাশমি, সালাউদ্দিন তুনিও, আলি আবদুল্লা, সামরা শেহজাদি, হাফিজ রজা।