Last Updated:
দু’টি রিয়ালিটি শো, একটি বাংলার ঘরের লক্ষ্মীদের জন্য আর অন্যটি কচিকাচাদের জন্য৷ দু’টি শো বেশ জনপ্রিয়৷ এতে উপস্থিত থাকবেন দুই তারকা কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়৷
কলকাতা: বাংলা রিয়ালিটি শোয়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় লাখ টাকা লক্ষ্মীলাভ৷ শোয়ের হোস্ট বদলেছে৷ সুদীপ্তা চক্রবর্তীর বদলে এসেছেন পায়েল দে৷ নতুন সঞ্চালকের সঙ্গে নতুনভাবে পথ চলা করেছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ৩৷ এবার এই শোয়ে উপস্থিত থাকছেন কোয়েল মল্লিক৷ অন্যদিকে আরও একপ্রিয় শো ছানাগিরিতে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ বাংলার ঘরের মেয়েদের নিয়ে অনুষ্ঠান লাখ টাকার লক্ষ্মীলাভ, অন্যদিকে বাচ্চাদের নিয়ে রিয়ালিটি শো ছানাগিরি যেখানে তারা খেলাচ্ছ্বলে, শিখতে শিখতে উপহার জিতে নেয়৷ ‘ছানাগিরি’-র সেপ্টেম্বর মাসের ফিনালের বিশেষ অতিথি হিসেবে থাকছেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে এসে খুদে প্রতিযোগীদের সঙ্গে আনন্দে মেতে ওঠার পাশাপাশি নিজের গানের প্রতিভারও পরিচয় দেবেন তিনি।
গিটার হাতে পরমব্রত গেয়ে শোনাবেন বেশ কয়েকটি জনপ্রিয় গান, যার মধ্যে রয়েছে ‘মহারাজা তোমাকে সেলাম’, ‘ভূতের রাজা দিল বর’ এবং ‘ওরে হাল্লা রাজার সেনা’। খুদে দর্শক থেকে শুরু করে তাঁদের পরিবারের সদস্য—সকলের কাছেই এই বিশেষ পর্ব হয়ে উঠবে মনে রাখার মতো।
অন্যদিকে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন ৩’-এর সেপ্টেম্বর মাসের ফিনালে। বিশেষ সেলিব্রিটি অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ‘লীলা বালি লীলা বালি’ এবং ‘সোহাগ চাঁদ’ গানে তাঁর নৃত্য পরিবেশনা হয়ে উঠবে ফিনালের অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানের সঞ্চালিকা পায়েল দে কোয়েলের অভিনয় প্রতিভার পাশাপাশি একজন মা হিসেবেও তাঁর প্রশংসা করেন। অন্যদিকে, কোয়েলও অনুষ্ঠানের সঞ্চালনার জন্য পায়েলের প্রশংসা করেন। প্রতিযোগীদের সঙ্গে পায়েলের সহজ যোগাযোগ, আন্তরিকতা এবং প্রাণবন্ত সঞ্চালনার কথাও উঠে আসে তাঁদের কথোপকথনে।
নারীদের জীবন, তাঁদের পথচলা এবং স্বপ্নকে উদযাপন করে চলা ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর এই বিশেষ ফিনালেতেও থাকবে বিনোদনের পাশাপাশি আন্তরিক কথোপকথন ও নানা আবেগঘন মুহূর্ত।
