Last Updated:
শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর৷ এই হামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পানশালায় নৃশংস হত্যালীলা চালালো ৮ জন বন্দুকবাজ৷ এই হামলায় অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন আরও ১৫ জন৷ জানা গিয়েছে, এলোপাথারি গুলি চালানোর পর মৃত, আহত এবং পানশালায় থাকা অন্যান্যদের শরীরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালায় হামলাকারীরা৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন৷ পালানোর আগে দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বন্দুকবাজরা৷
জোহানেসবার্গের পাশাপাশি কেপ টাউনেও একটি জনবহুল এলাকায় হামলা চালায় বন্দুকবাজরা৷ দ্বিতীয় এই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের, আহত হয়েছেন ১১ জন৷ কেপ টাউনের লোয়ান্ডেল এলাকায় সপ্তাহান্তে বিনোদনের জন্য সমবেত হওয়া নিরীহ মানুষের উপরে গভীর রাতে নির্বিচারে গুলি চালাতে থাকে কয়েকজন বন্দুকধারী৷ অজ্ঞাতপরিচয় এই হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে একটি বাড়িতে পার্টি চলাকালীন তিন জন বন্দুকবাজ হামলা চালায়৷ সেই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন৷
অপরাধ প্রবণতার জন্য দক্ষিণ আফ্রিকার একাধিক শহরের বদনাম রয়েছে৷ তবে গত এক সপ্তাহের মধ্যে পর পর বন্দুকবাজদের হামলার ঘটনা গোটে দেশেই আতঙ্কের সৃষ্টি করেছে৷ জোহানেসবার্গ এবং কেপ টাউনের দুটি হামলার ঘটনাতেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ স্বয়ংক্রিয় একে- ৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়ে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত গত ১ বছরে দক্ষিণ আফ্রিকায় ২২৭০০ জন খুন হয়েছেন৷
