কলকাতা: নতুন রিয়্যালিটি শো-তে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। শুধু তিনি নয়, এই শো-এ আরও রয়েছেন, শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee), খেয়ালি মন্ডল, অঙ্কুশ্রী মাইতি, রিকি তিয়ারি এবং স্যান্ডি রং। এই শো পরিচালনার দায়িত্বে রয়েছেন, পরিচালক কারান আরিয়ান। সাধারণত যে সমস্ত চ্যানেলে ডান্স রিয়্যালিটি শো হয়, সেখানে একটি বয়সের সীমা থাকে। একটি নির্দিষ্ট বয়সের প্রতিযোগীরাই এই সমস্ত শো-তে অংশ নিতে পারেন। যে কোনও বয়সি প্রতিযোগীরাই এখানে অংশ নিতে পারবেন। গোটা বাংলা থেকে নৃত্যশিল্পীদের প্রতিভাকে খুঁজে আনাই এই শো-এর লক্ষ।
বাংলায় নতুন ডান্স রিয়্যালিটি শো, গুরুত্বপূর্ণ দায়িত্বে বনি সেনগুপ্ত
শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী, মধ্যবয়সী কিংবা প্রবীণ… যে কোনও বয়সের প্রতিযোগীই তাঁদের নাচের প্রতিভা নিয়ে, এই মঞ্চে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ, নাচের প্রতি ভালোবাসা এবং নিজের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরার ইচ্ছাই হবে এই মঞ্চে আসার সবচেয়ে বড় যোগ্যতা। নির্মাতারা জানাচ্ছেন, ‘বাংলার ডান্সিং আইকন’ সেই সমস্ত নৃত্যশিল্পীদের জন্য একটি সুযোগ, যাঁরা বয়স, পেশা কিংবা সামাজিক পরিচয়ের সীমারেখা পেরিয়ে নিজেদের নাচের প্রতিভা দিয়ে একটি আলাদা পরিচয় তৈরি করতে চান। নির্মাতাদের প্রত্যাশা, গ্ল্যামার, প্রতিযোগিতা, আবেগ, বিনোদন এবং অসংখ্য প্রতিভার সমন্বয়ে ‘বাংলার ডান্সিং আইকন’ হতে চলেছে বাংলার বিনোদন জগতের অন্যতম নতুন আকর্ষণ।
বনি সেনগুপ্ত এই শো নিয়ে বলছেন, ‘এই আমরা কোনও বিশেষ বয়সী প্রতিযোগীদের মধ্যে সীমাবদ্ধ রাখছি না। যে কোনও বয়সের মানুষেরাই এই প্রতিযোগীতায় অংশ নিতে পারেন।। আশা করছি, বাংলার মানুষের এই শো ভাল লাগবে।। সারা বাংলা জুড়ে অডিশন এর মাধ্যমে আমরা বেছে নেব প্রতিযোগীদের। আশা করি গোটা বাংলা থেকে আমরা সেরা প্রতিযোগীদের খুঁজে নিয়ে আসতে পারব।’ পরিচালক কারান আরিয়ান বলছেন, ‘আমি নিজে একজন কোরিওগ্রাফার, তাই নাচ নিয়ে একটা শো করা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এই শো-তে আরও যারা বিচারক রয়েছেন, সবাই নাচের সাথে যুক্ত। তাই আশা করছি বাংলার দর্শকের জন্য নতুন একটা চমক নিয়ে পারব আমরা। চেষ্টা করব যাতে বাংলার বাইরের মানুষেরাও এই শো-এর সঙ্গে যুক্ত হন, যাতে গোটা বাংলার মানুষের ঘরে ঘরে এই শো পৌঁছে যায়।