কলকাতা: সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর প্রয়াণের বেশ কয়েকটা বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক যেন থামছেই না। সদ্যই সুশান্তের ময়নাতদন্ত থেকে পাওয়া তথ্য প্রকাশ্যে এনে, বিস্ফোরক দাবি করেছেন সুশান্তের দিদি, শ্বেতা। শ্বেতা সিংহ কীর্তি। সুশান্তের মৃত্যু যে স্বাভাবিক নয়, তা বারে বারেই বলে এসেছেন অভিনেতার দিদি। শ্বেতা বারে বারে বলেছেন সুশান্ত জীবনের অনেক ওঠাপড়া দেখেছে। জীবন থেকে হাল ছেড়ে দিয়ে, হতাশ হওয়ার মতো মানুষ তিনি নন। তাহলে কেন এই চরম পরিণতি হল তাঁর, বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই প্রশ্ন এখনও ভাবিয়ে তোলে তাঁকে। তবে এবার, সুশান্তের ময়নাতদন্ত করে পাওয়া কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন শ্বেতা। তিনি দাবি করেছেন, সুশান্তের মৃত্যু একেবারেই স্বাভাবিক ছিল না। মৃত্যুর আগে তাঁর ঘাড়ে বন্দুক ঠেকানো হয়েছিল। তাঁর ওপর বলপ্রয়োগ করা হয়েছিল, এমন প্রমাণও নাকি তাঁর দেহ থেকে মিলেছে। পাশাপাশি যে সময়ে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়, তখন তাঁর পা ভেঙে গিয়েছিল। সুশান্তের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ছাদ থেকে ঝুলছিল। তাহলে কীভাবে তাঁর পা ভেঙে গেল, এই প্রশ্নই তুলেছেন সুশান্তের দিদি, শ্বেতা। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, অক্ষত ছিল না সুশান্তের মুখও। তাঁর চোখে আঘাত ছিল বলে জাবি করেছেন অভিনেতার দিদি শ্বেতা।
একা ছিলেন ফ্ল্যাটে কিন্তু সুশান্তের মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন!
সম্প্রতি একটি ভিডিও বার্তায় শ্বেতা বলেন, তাঁর ভাই সুশান্তের ময়নাতদন্ত রিপোর্টে যা যা তথ্য ছিল, তার থেকে গোটা বিষয়টাকে আত্মহত্যা বলা যায় না। স্পষ্ট প্রমাণ রয়েছে যে, মৃত্যুর আগে বলপ্রয়োগ করা হয়েছিল সুশান্তের ওপর। চোখে আঘাত ছিল, ভেঙে গিয়েছিল পা-ও। কিন্তু এই বিষয়গুলোর কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। একা ফ্ল্যাটে সুশান্ত কীভাবে এভাবে গুরুতর আহত হয়েছিলেন, তা জানা যায়নি। শ্বেতা আরও জানিয়েছেন, বহু মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন, এসে দুঃখপ্রকাশ করেছেন, কারণ তাঁরা সবাই মনে করেন যে, সুশান্তের সঙ্গে যা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি।
২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয়েছিল সুশান্তের। তাঁর বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের নিথর দেহ। জানা গিয়েছিল, মৃত্যুর সময়ে ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। নিজের কুর্তা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। তবে এই মামলার এখনও তদন্ত চলছে।
আরও পড়ুন: Bonny Sengupta: নতুন ভূমিকায় বনি সেনগুপ্ত! সিনেমা নয় এবার কী করবেন তিনি?