নয়াদিল্লি: মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে হাতাহাতি, মারামারি। ভুলবশত ইমার্জেন্সি সিগনাল চলে গেল এয়ার ট্রাফিক কন্ট্রোলে। আর তাতেই নাটকীয় পরিস্থিতি তৈরি হল। বিমান হাইজ্যাক হয়েছে ভেবে যুদ্ধবিমান পর্যন্ত নামানোর উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত জানা গেল, আসলে দুই পাইলটের মধ্যে ঝামেলা বেঁধেছিল। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কারণ দুই পাইলটের মধ্যে ঝামেলা চলাকালীন সোঁ সোঁ করে নীচের দিকে নামতে থাকে বিমানটি। বিমানযাত্রীদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যায় কি না, উঠছে প্রশ্ন। (Flydubai Plane Hijack Alert)
বুধবার দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাচ্ছিল Flydubai সংস্থার একটি বিমান। FZ1073 বিমানটিতে সওয়ার ছিলেন প্রায় ১৮০ জন যাত্রী। বিমান যখন মাঝ আকাশে, সেই সময় হঠাৎই বিপত্তি ঘটে। বিমানের ককপিট থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে দু’টি কোড পৌঁছয়, ‘৭৭০০’ এবং ‘৭৫০০’। বিমান হাইজ্যাক হলে, বেআইনি ভাবে বিমানের নিয়ন্ত্রণ কারও হাতে চলে গেলে ‘৭৫০০’ কোড পাঠানোই দস্তুর। তেল আভিভ গামী Boeing 737 MAX 8 বিমানটি হাইজ্যাক হয়েছে বলে তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। (Flydubai Flight Emergency)
আরও পড়ুন: বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা
ইজ়রায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানে সওয়ার ছিলেন ইজ়রায়েলি নাগরিকরাও। বিমান হাইজ্যাক হওয়ার ইঙ্গিত পেতেই তৎপর হয়ে ওঠে দেশের সরকার। সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক ডাকেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। যুদ্ধবিমান পাঠানো নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। এমনকি কিছু ক্ষণের জন্য বন্ধ রাখা হয় ইজ়রায়েলের আকাশসীমাও। সেই পরিস্থিতিতেই বার্তা পৌঁছয় যে, বিমান হাইজ্যাক হয়নি। মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে ঝামেলা বাধে।
এই ঘটনায় সংবাদ সংস্থা রয়টার্সে মুখ খুলেছেন ইজ়রায়েলের এক আধকারিক। তিনি জানিয়েছেন, হাতাহাতি, মারামারি চলাকালীন ভুল করে ইমার্জেন্সি বোতামে হাত পড়ে যায় পাইলটদের। তাতেই বিমান হাইজ্যাক হয়েছে বলে আতঙ্ক ছড়ায়। শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ইজ়রায়েলেই নয়, বিমানে সওয়ার যাত্রীরাও প্রমাদ গুনতে শুরু করেন ওই সময়। জানা গিয়েছে, ককপিটে পাইলটরা যখন হাতাহাতি, মারামারিতে ব্যস্ত, সেই সময় সোঁ সোঁ করে নীচের দিকে নামতে থাকে বিমান। মাত্র দু’মিনিটে বিমানের উচ্চতা কমে যায় ১৭ হাজার ৪০০ ফুট। ৩৪০০০ ফুট উপর দিয়ে উড়ছিল বিমানটি। হঠাৎ নেমে আসে ১৬৬০০ ফুটে।
শেষ পর্যন্ত সৌদির আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনওও বিবৃতি দেয়নি Flydubai. তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। দুবাই থেকে নিয়মিত তেল আভিভে বিমান চলাচল করে। তবে এমন ঘটনা এই প্রথম। গোটা ঘটনায় বেশ কিছু তত্ত্ব উঠে এসেছে। বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে ইজ়রায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, এক পাইলট অন্য জনকে ছুরি দিয়ে কোপানও। এক পাইলট যাত্রীভর্তি বিমান নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন বলেও দাবি সামনে এসেছে।
CEC Gyanesh Kumar : CEC জ্ঞানেশ কুমার বিতর্কে প্রতিবাদের স্বর জোরাল করছে বিরোধীরা | ABP Ananda