কলকাতা: বাঙালি থাকবে, আর রাজনীতি থাকবে না.. তাও কি হয়? সেই অলিখিত নিয়ম মেনেই, বিগ বস বাংলার (Big Boss Bangla)-র ঘরে ঢুকে পড়ল রাজনীতি! বিগ বসের বাড়িতে মঙ্গলবার যে লাক্সারি বাজেট টাস্ক দেওয়া হয়েছিল, তার নাম ছিল ‘রাজনীতি’। এই টাস্ক অনুযায়ী, ৩টি দলে ভাগ হয়ে যায় বিগ বস হাউজ। ২টি রাজনৈতিক দল আর সাধারণ জনতা। ভরত কল (Bharat Kaul)-কে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়। আর ২টি দলের নেতা করা হয়, জিতু কমল (Jeetu Kamal) এবং দুর্নিবার সাহা (Durnibar Saha)-কে। জিতুর দলে রয়েছেন, মনামী ঘোষ, নন্দিনী দত্ত এবং রাজবীর দে। অন্যদিকে দুর্নিবারের দলে রয়েছেন, ঝিলাম, তনুশ্রী এবং বিগ বসের ঘরে, সদ্য পা রাখা অনুষ্কা। সাধারণ জনগণ হিসেবে রয়েছেন, সৃজলা গুহ (Srijla Guha), নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal), সোনামণি সাহা (Sonamoni Saha) এবং দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)।
টাস্ক ঘিরে তোলপাড়, রাজনীতি করছেন জিতু-দুর্নিবার!
তবে এই লাক্সারি বাজেট টাস্ক ঘিরেই তোলপাড় হয়ে গেল, বিগ বসের বাড়ি। দুই দলের মধ্যে বিবাদ ঝগড়া থেকে গড়াল মারামারিতে। নিয়ম ছিল, প্রত্যেক রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে তাঁদের নির্বাচনী ইস্তেহার রাখবেন.. কিন্তু সেখানেই বাঁধে সমস্যা। জনগণের তরফ থেকে নিরঞ্জন, সৃজলা এবং সোনামণি জানান, জিতুর দলকে নির্বাচনী প্রচার করতে হবে অভিনবভাবে। যিনি কথা বলবেন, তাঁকে লঙ্কা চিবোতে চিবোতে কথা বলতে হবে। বাকিদের মুখে থাকবে জল এবং প্রত্যেককে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। তবে এই নিয়ম মানতে রাজি হন না রাজবীর। সেখান থেকেি শুরু হয় বাকবিতণ্ডা।
জনগণের সঙ্গে যখন জিতুর দলের বাকবিতণ্ডা চলছে, সেই সময়ে দুর্নিবারের জল ঘরের একাধিক জায়গায় পতাকা পুঁতে দিতে থাকে। কিছুক্ষণ পরে, মাথা গরম করে রাজবীর দুর্নিবারের দলের যাবতীয় পতাকা তুলে ফেলেন। তাঁর হাত থেকে পতাকা কাড়তে চান অনুষ্কা। টানাটানিতে ভেঙে যায় দুর্নিবারের দলের পতাকা, অনুষ্কার নখ ভেঙে যায়। এরপরে রাজবীর জিনিসপত্র ভাঙচুর ও করেন বিরোধী দলের। টাস্ক ঘিরে তোলপাড় গোটা দল। ২ দিনের এই টাস্কের শেষে, জনতা ভোট দেবেন ২ দলকে। যে দল জয়ী হবে, তাঁরাই পাবেন লাক্সারি বাজেট। তবে এই তর্কাতর্কি আর অশান্তির জেরে লাক্সারি বাজেট টাস্ক আদৌ শেষ হবে নাকি ভেস্তে যাবে আগের টাস্কের মতোই, সেটা বলবে সময়।