Last Updated:
রাহুল শুধু অভিনেতা ছিলেন না, লেখক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে অসমাপ্ত থেকে যায় একাধিক কাজ এবং তাঁর সঙ্গে যুক্ত নানা সৃজনশীল উদ্যোগ। মৃত্যুর কয়েক মাস পরেও তাঁকে ঘিরে স্মৃতি, তাঁর কাজ এবং তাঁর মৃত্যুর তদন্ত—তিনটিই সমান ভাবে আলোচনায় রয়েছে।
কলকাতা : এবার দাদাগিরির মঞ্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! শুনতে অবাক লাগছে তো৷ দাদাগিরির মতো অতি জনপ্রিয় মঞ্চ আলো করে থাকছেন তিনি৷ রাহুল ছিলেন অত্যন্ত গুণী অভিনেতা৷ তবে শুধু অভিনেতা হিসেবেই নন, তাঁর বুদ্ধি ছিল তুখোড়, মেধাবী রাহুলের সাধারণ জ্ঞান ছিল অত্যন্ত বেশি৷ ফলে দাদাগিরিতে তিনি যতবার এসেছিলেন, তিনিই সবকটাতেই জিতেছিলেন৷ এটা দাদাগিরির শো-এ এক ইতিহাস৷
তবে মাত্র একবার দাদাগিরির রিয়ালিটি শোয়ে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাছে হেরেছিলেন রাহুল৷ এবার দাদাগিরির মঞ্চে এসেছেন সেই সৃজিত যিনি রাহুলকে হারিয়েছিলেন৷ ফলে সেই কথা উঠল শোয়ে৷ এমনকী রাহুলের দেওয়া শার্ট পরে এই শো হাজির হন এম্পারার ভার্সেস শরৎচন্দ্র ছবির পরিচালক৷ দাদাগিরির মঞ্চে দেব ও সৃজিত ভাগ করে নিলেন অভিনেতা রাহুলকে নিয়ে তাঁদের স্মৃতি৷ এভাবেই রাহুল জীবন্ত হয়ে উঠলেন দাদাগিরির মঞ্চে৷
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু শুধু টলিউডেই নয়, তাঁর পরিবার ও অনুরাগীদের মধ্যেও গভীর শোকের ছায়া ফেলেছিল। ২০২৬ সালের ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে একটি বাংলা ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। প্রাথমিক ভাবে জানা যায়, সমুদ্রে নামার পর জলের স্রোতে তিনি তলিয়ে যান। পরে ইউনিটের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রাহুলের মৃত্যুর পরই শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-সহ পরিবারের তরফে ঘটনাটি নিয়ে অভিযোগও দায়ের করা হয়। সেই নিয়ে চলছে তদন্ত৷
রাহুলের মৃত্যুর পর তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে একাই ছেলে সহজকে আগলে রাখতে হয়েছে। রাহুলের নিজের অনুষ্ঠান ‘সহজ পাঠ’-ও তাঁর মৃত্যুর পর আর আগের মতো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলে সম্প্রতি জানিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, রাহুলের যে জ্ঞান, পড়াশোনা এবং বিভিন্ন বিষয়ে কথা বলার ব্যাপ্তি ছিল, সেই জায়গা থেকে অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
