কলকাতা: গত আইপিএলে চোটের কারণে একটিও ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আসন্ন ২০২৭ সালের আইপিএলে কী হবে? খেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক? আজ ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এক ইঙ্গিত দিয়েছেন। আর সেই ইঙ্গিত বলছে আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের মেন্টরের দায়িত্বে দেখা যেতে পারে ধোনিকে। যদিও এখনও এই বিষয়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
আরও পড়ুন: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, নতুন কোচ জাহির খান চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর পর দলের অন্দরে ধোনি, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং কোচের মধ্যে সমীকরণ কেমন হয়, তা দেখার বিষয়। তাঁর মতে, ধোনি মেন্টরের ভূমিকা নিতে পারেন। সেই ক্ষেত্রে গায়কোয়াড় কোচ জাহিরের সঙ্গে কীভাবে কাজ করেন, কিংবা প্রয়োজন হলে ধোনির পরামর্শ নেন কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
২০২৬ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৮ নম্বরে শেষ করে তারা। এর ফলে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা গত মরসুমেও প্লে অফে উঠতে পারেনি। আর এর ফলে টানা ৩ মরসুম প্লে অফে উঠতে পারেনি তারা। এ ছাড়া চোটের কারণে একটাও ম্যাচ খেলতে পারেননি ধোনিও।
এদিকে, চেন্নাইয়ের দীর্ঘদিনের হেদ কোচ স্টিফেন ফ্লেমিং চেন্নাই ছাড়ার পর দলের দায়িত্ব পেয়েছেন জাহির খান। অশ্বিনের মতে, ধোনির সঙ্গে কাজ করার সময় ফ্লেমিং দলের প্রয়োজন ও অধিনায়কের ধরন অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু নতুন অধিনায়ক গায়কোয়াড়ের সঙ্গে সেই সাফল্য ধরে রাখতে পারেননি তিনি।
আরও পড়ুন: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
জাহিরের আগে হেমাং বাদানির নামও কোচ হিসেবে আলোচনায় ছিল। তবে ভারতীয় কোচ নিয়োগের পক্ষেই ছিল CSK ম্যানেজমেন্ট। এর আগে ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন জাহির। ধোনির নতুন ভূমিকা নিয়ে জল্পনা বাড়লেও, ২০২৭ সালের আইপিএলে কী পরিকল্পনা নিয়ে এগোবে চেন্নাই, সেটা স্পষ্ট হবে আনুষ্ঠানিক ঘোষণার পরেই।