নয়াদিল্লি: আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক কে হতে চলেছেন, সেই নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে হার্দিক পাণ্ড্য দল ছাড়ছেন। সেই জল্পনায় এখনও সিলমোহর পড়েনি, তবে তার আগেই মুম্বই শিবির থেকে বড় খবর এল। মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রায় এক দশকের সম্পর্ক জয়বর্ধনের। ২০১৭ সালে তিনি প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেওয়ার পরে ২০২২ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এরপরে ফ্র্যাঞ্চাইজ়ির গ্লোবাল পারফরম্যান্স হেড ছিলেন তিনি। এরপরে ২০২৫ সালে ফের একবার পল্টনদের কোচের দায়িত্বে তাঁর প্রত্যাবর্তন ঘটে। কিন্তু আর নয়। সরে দাঁড়ালেন জয়বর্ধনে। তাঁর তত্ত্বাবধানে মুম্বই ইন্ডিয়ান্স প্রচুর সাফল্য পেয়েছে। ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে পল্টনরা তাঁর অধীনেই খেতাব জেতে।
আরও পড়ুন:- দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসাবে নতুন ইনিংস শুরু যুবরাজের, বেতন হিসাবে কত টাকা পাবেন তিনি?
২০২৫ সালে মার্ক বাউচারের থেকে পুনরায় দায়িত্ব নেওয়ার পরেই ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সকে তিনি প্লে-অফে নিয়ে যান। তবে গত মরশুমে পল্টনরা হতাশাজনক পারফর্ম করে। প্লে-অফে পৌঁছতে তো ব্যর্থ হয়ই, ১০ দলের মধ্যে নয় নম্বরে শেষ করে তারা। তবে আগামী মরশুমের নিলামের আগেই তিনি সরে দাঁড়ালেন। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার নীতা আম্বানি মাহেলা জয়বর্ধনেকে তাঁর অবদানের জন্য, নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জানান।
কোচের পাশাপাশি পল্টনদের অধিনায়ক নিয়েও জল্পনা তুঙ্গে। দাবি করা হচ্ছে এই দায়িত্ব পুনরায় দলের খেতাবজয়ী অধিনায়ক রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হতে পারে। রিপোর্টে বলা হচ্ছে পল্টনদের ম্যানেজমেন্ট নাকি অধিনায়ক হিসাবে রোহিতকে পুণরায় দায়িত্ব দেওয়ার দিকেই ঝুঁকে। ফলে হার্দিক পাণ্ড্যর ভবিষ্যৎ ঘিরে জল্পনা আরও বাড়লই বটে।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে, মোট পাঁচটি আইপিএল খেতাব জিতেছেন রোহিত শর্মা। তবে ২০২৪ সালে হার্দিক পাণ্ড্যকে রোহিতের পরিবর্তে পল্টনদের নেতৃত্বভার দেওয়া হয়। কিন্তু তিন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সকে খেতাব জেতাতে পারেননি হার্দিক। বিভিন্ন রিপোর্টে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছে হার্দিকের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক শেষ হচ্ছে। তাই নতুন মরশুমে পল্টনদের নতুন অধিনায়ক বাছতে হবে। সেই দৌড়েই রোহিত এগিয়ে বলে দাবি করা হচ্ছে।