এক বিবৃতিতে এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, স্বাধীন পরিচালকদের নিয়ে গঠিত একটি কমিটি এই তদন্তের তদারকি করবে। তদন্তে সহায়তা করবেন বাইরের স্বাধীন আইনি পরামর্শদাতারা।
বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বোর্ড। এনভিডিয়া এবং তার শেয়ারহোল্ডারদের স্বার্থের ক্ষেত্রেও যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের কোনও ক্ষতি হয়েছে বলে মনে করার কোনও কারণ আপাতত বোর্ডের কাছে নেই। তবে তদন্তের মাধ্যমে সমস্ত উপলব্ধ তথ্য খতিয়ে দেখা হবে।”
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এই তদন্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন জেনসেন হুয়াং। তদন্তের কাজে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি হুয়াং এবং তাঁর নেতৃত্বাধীন দলের উপর আস্থা প্রকাশ করেছে পরিচালন পর্ষদ।
ফক্স নিউজের একটি প্রতিবেদনের পরেই এই ঘোষণা। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, এক চিনা প্রযুক্তি সংস্থার মহিলা এগজিকিউটিভ আসলে বেজিংয়ের হয়ে কাজ করা গুপ্তচর। তাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলেও দাবি করা হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে এনভিডিয়ার কর্মীদের কাছে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠিয়েছিলেন হুয়াং। সেখানে নিজের ব্যক্তিগত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন তিনি। নিজের কাজের প্রভাব যে পরিবার এবং সন্তানদের উপর পড়েছে, সে কথাও স্বীকার করেন এনভিডিয়া সিইও।
প্রতিবেদনে হুয়াংয়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, “আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজের জন্য স্ত্রী এবং সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনও অজুহাত নেই।”
ফক্স নিউজ ওই মহিলার পরিচয় অ্যালিস হুয়াং (Alice Huang) বলে জানিয়েছে। তিনি মেগাস্পিড (Megaspeed) নামে একটি প্রযুক্তি সংস্থার এগজিকিউটিভ। চিনা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর কথিত যোগসূত্রের অভিযোগ সামনে আসতেই এই সম্পর্ক নিয়ে মার্কিন গোয়েন্দাদের নজরদারি শুরু হয় বলে দাবি।
অন্যদিকে, দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনেও ওই চিনা ব্যবসায়ীর বিষয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সংবাদপত্রটির দাবি, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি (MSS) ওই মহিলাকে নিয়োগ করেছিল। ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারকদের মধ্যে প্রচারিত একটি মেমোর ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদপত্রটি।
এই ঘটনা ঘিরে ওয়াশিংটনেও শুরু হয়েছে তৎপরতা। বিশেষ করে চিনে উন্নত সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চিপ রফতানির উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছেন জেনসেন হুয়াং। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুক্রবার মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের তিনটি রিপাবলিকান কমিটির চেয়ারম্যানও এই বিষয়ে হুয়াংয়ের কাছে জবাব চেয়েছেন। অ্যাক্সিওসের (Axios) প্রতিবেদন অনুযায়ী, চিনা ব্যবসায়ীর সঙ্গে তাঁর কথিত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে নয়, বরং রুদ্ধদ্বার বৈঠকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
যদিও এনভিডিয়ার তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থার বক্তব্য, অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।
তবে বিতর্কের মধ্যেও এনভিডিয়ার বোর্ডের অবস্থান স্পষ্ট। জাতীয় নিরাপত্তা কিংবা সংস্থার বাণিজ্যিক গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে বলে আপাতত কোনও প্রমাণ তাদের হাতে নেই। তা সত্ত্বেও গোটা বিষয়টির সমস্ত দিক খতিয়ে দেখতেই স্বাধীন তদন্তের পথে হাঁটছে সংস্থা।