তেহরানের বিরুদ্ধে প্রশাসনের সামরিক পদক্ষেপের পক্ষে সওয়াল করে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার হামলায় ইরানের পরমাণু পরিকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে আটকানো সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, “আমরা ইজরায়েল এবং মিডল ইস্টকে রক্ষা করেছি। ইরানের হাত থেকে আমরা তাদের রক্ষা না করলে ইজরায়েলের কোনও অস্তিত্বই থাকত না।”
হেগসেথকে ইমপিচ করার উদ্যোগকে নিশানা করে তিনি আরও বলেন, “আর যুদ্ধের জন্য সবচেয়ে বেশি ‘রেসপনসিবল’ ব্যক্তিদের মধ্যে অন্যতম একজনকে নিয়ে আমরা কী করতে চলেছি? আমরা তাঁকে ইমপিচ করতে চাইছি!”
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস (Hakeem Jeffries) পিট হেগসেথকে ইমপিচ করার প্রচেষ্টায় সমর্থন জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে। প্রতিরক্ষা সচিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জাতীয় নিরাপত্তাকে দুর্বল করা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা তৈরিতে সাহায্য করার অভিযোগ তুলেছেন জেফ্রিস।
ABC News-কে দেওয়া সাক্ষাৎকারে জেফ্রিস জানান, রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি যে ইমপিচমেন্ট প্রস্তাব তৈরি করছেন, তাতে তিনি সমর্থন জানাচ্ছেন।
জেফ্রিস বলেন, “হেগসেথের বিরুদ্ধে আনা প্রস্তাবকে আমি সম্পূর্ণ সমর্থন করছি।” তিনি আরও জানান, মঙ্গলবার কংগ্রেসের অধিবেশনে ফিরে ডেমোক্র্যাটিক সদস্যরা এই প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।
তিনি বলেন, “তথাকথিত প্রতিরক্ষা সচিব তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন, আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানের বিরুদ্ধে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরিকল্পনা তৈরি করেছেন। এই যুদ্ধের ফলে আমেরিকার সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা বহুগুণ বেড়েছে এবং দেশ আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়েছে। পিট হেগসেথকে পদ থেকে সরাতেই হবে।”
জেফ্রিস আরও জানিয়েছেন, জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে এলে তাঁরা ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধ করার উদ্যোগ নেবেন। তাঁর মতে, এই যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল এবং এর ফলে আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে গিয়েছে।
অন্যদিকে, পিট হেগসেথ তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের উদ্যোগ খারিজ করে দিয়েছেন। একে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রচার বলে অভিহিত করেছেন তিনি। হেগসেথ বলেন, “এর পুরোটাই ব্যক্তিগতভাবে কাউকে ধ্বংস করার রাজনৈতিক প্রচেষ্টা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই চেষ্টা সফল হয়নি, আর আমার বিরুদ্ধেও সফল হবে না। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
গত সেপ্টেম্বরেই পিট হেগসেথের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করেছিলেন থমাস ম্যাসি। তবে রিপাবলিকান নেতারা প্রস্তাবটির উপর নির্ধারিত ভোটাভুটি বাতিল করে দেন। ফলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত এই প্রস্তাবের বিবেচনা স্থগিত রাখা হয়।