ডেমোক্র্যাট দলের সদস্য এল-সায়েদ সম্প্রতি মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে ইতিহাস গড়েছেন। এর ফলে তিনি মার্কিন সেনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হয়েছেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন দেশগুলিকে সমর্থন করার জন্য আমেরিকার করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়।
সংবাদসংস্থা এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে যাতে আমেরিকার নিজস্ব পদক্ষেপগুলিও সামঞ্জস্যপূর্ণ হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, এই বিষয়টি শুধু ইজরায়েলের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়।
সায়েদ বলেন, “আমরা কীভাবে নিশ্চিত করব যে আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের নিজেদেরও জবাবদিহি রয়েছে? আর বিষয়টি শুধু ইজরায়েলকে নিয়ে নয়। মিশরের ক্ষেত্রেও আমি একই অবস্থান গ্রহণ করি, যে দেশ থেকে আমার পরিবার অভিবাসিত হয়েছিল। পাকিস্তান এবং জর্ডানের ক্ষেত্রেও আমি একই অবস্থান গ্রহণ করি। আমার মনে হয়, আন্তর্জাতিক আইন কার্যকর করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার ক্ষেত্রে সমমর্যাদার দেশগুলির মধ্যে আমাদেরই সবার আগে থাকা উচিত।”
তিনি আরও বলেন, “যখন আমরা কোনও দেশকে অর্থ দিচ্ছি এবং সেই দেশ আমাদের দেওয়া অর্থ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহার করছে, তখন আমার মনে হয়, বিষয়টি শুরু করার জন্য সেটিই একটি উপযুক্ত জায়গা।”
এমন সময়ে তাঁর এই মন্তব্য সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ নাগাদ ইজরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
ইজরায়েলকে সামরিক সহায়তা কমানোর ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন এল-সায়েদের:
নির্বাচনে জয়ের পর এল-সায়েদ ইজরায়েলকে সামরিক সহায়তা কমানোর ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপের সঙ্গে তিনি একমত।
তিনি বলেন, “আমার মনে হয়, এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।”
ইজরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, ওয়াশিংটনের সরবরাহ করা কিছু অস্ত্র এমন কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে তাঁর বর্ণনা অনুযায়ী গণহত্যা ও বর্ণবৈষম্য রয়েছে।
তিনি বলেন, “ইজরায়েলের কাছে এমন অস্ত্র বিক্রি বন্ধ করতেও আমি চাই, যেগুলি গণহত্যা ও বর্ণবৈষম্য-সহ সবচেয়ে ভয়াবহ কর্মকাণ্ডে ব্যবহার করা হয়।”
বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর একটি চুক্তির অধীনে আমেরিকা ইজরায়েলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে।
তবে এল-সায়েদের সমালোচনা শুধু ইজরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়। মিশর, সৌদি আরব, জর্ডান এবং পাকিস্তানকে আমেরিকার সামরিক সহায়তা দেওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর যুক্তি, আমেরিকার করদাতাদের অর্থের পরিবর্তে দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারগুলির জন্য ব্যবহার করা উচিত।
পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে ভারতের দীর্ঘদিনের আপত্তি:
পাকিস্তান সম্পর্কে এল-সায়েদের মন্তব্য এমন এক প্রেক্ষাপটে এসেছে, যখন ইসলামাবাদকে আন্তর্জাতিক আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে ভারত। নয়াদিল্লির আশঙ্কা, আন্তর্জাতিক ঋণদান কর্মসূচির মাধ্যমে দেওয়া অর্থ রাষ্ট্রের মদতে সীমান্তপারের সন্ত্রাসবাদ অথবা সামরিক কার্যকলাপের জন্য ব্যবহার করা হতে পারে।
ভারতের অবস্থান হল, আর্থিক সহায়তা যেন পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন না করে অথবা সংস্কারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ দেশগুলিকে পুরস্কৃত না করে। সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত বিষয় এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর মতো মঞ্চে পাকিস্তানের রেকর্ডের কথা উল্লেখ করে বিশ্বব্যাঙ্কের কাছ থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সুযোগ নিয়েও উদ্বেগ জানানোর চেষ্টা করেছে নয়াদিল্লি।
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)-এর মাধ্যমে পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত ছিল ভারত। তবে নয়াদিল্লির আপত্তি সত্ত্বেও IMF পর্যালোচনায় অনুমোদন দেয় এবং অর্থ ছাড় করে।