Last Updated:
WB Assembly Election Results 2026: চিরচেনা প্রেস কার্ড আর বুম এখন অতীত, কাঁধে এখন মেমারির সাধারণ মানুষের প্রত্যাশার ভার। বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মেমারি বিধানসভায় জয়ী বিজেপি প্রার্থী মানব গুহ।তবে রাজনীতির পথটা প্রথম দিকে ছিল না খুব একটা সহজ। রাজনীতির আঙিনায় পা দিয়েই যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাকে, জয়ের পর এদিন তিনি অকপটেই স্বীকার করে নেন সেকথা।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: চিরচেনা প্রেস কার্ড আর বুম এখন অতীত, কাঁধে এখন মেমারির সাধারণ মানুষের প্রত্যাশার ভার। বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মেমারি বিধানসভায় জয়ী বিজেপি প্রার্থী মানব গুহ। তবে রাজনীতির পথটা প্রথম দিকে ছিল না খুব একটা সহজ। রাজনীতির আঙিনায় পা দিয়েই যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাকে, জয়ের পর এদিন তিনি অকপটেই স্বীকার করে নেন সেকথা।
তিনি বলেন, গত নির্বাচনে এই কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল প্রায় ৩০ হাজার। সেই পরিসংখ্যান মাথায় রেখে লড়াই করা সহজ ছিল না। রাজনীতিতে নতুন হওয়ার যেমন কিছু বাড়তি সুবিধা ছিল, তেমনই প্রতিনিয়ত অনেক কিছু শিখতে হয়েছে।চেনা জগতের বাইরে বেরিয়ে মানুষের দুয়ারে পৌঁছানোই ছিল তার মূল লক্ষ্য, বলেও জানান তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনকে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন বিজেপি প্রার্থী মানব গুহ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মেমারি বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরকে টেক্কা দিয়ে জয়ের মুকুট মাথায় তুললেন তিনি।মেমারির বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারকে পরাজিত করে ৭১০৬ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মানব গুহ।
তিনি বলেন, সাংবাদিক হিসেবে মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছি, সিস্টেম চেঞ্জ এর কথা বলেছি এবং রাজনীতিবিদ হয়েও সেই একই কথাই বলব। আমার প্রথম লক্ষ্য থাকবে মেমারিবাসীকে যা কথা দিয়েছি তা পূরণ করার। মেমারীর বিধায়ক হিসেবে যতটা উন্নয়ন করার আমার সরকারের কাছ থেকে আমি তা ছিনিয়ে আনব।পাশাপাশি সাংবাদিকদের জন্য কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। সাংবাদিক থেকে বিধায়ক, এই যাত্রা খুব একটা সহজ না হলেও জয়ী হয়েছেন তিনি ।এখন কীভাবে এই নতুন দায়িত্ব সামলাবেন বিজেপির মানব গুহ এটা এখন দেখার।
Kolkata,West Bengal