Last Updated:
WB Assembly Election Phase 2: হাবড়ায় ভোটের দিন রাজনৈতিক সৌজন্যের নজির, খুনসুটিতে ভরল কাউন্সিলর ও বিজেপি প্রার্থীর সাক্ষাৎ। ভোটের দিনেও রাজনৈতিক সৌজন্য ও হালকা মেজাজের এক এমনই বিরল ছবি ধরা পড়ল হাবড়ার ৫ নম্বর ওয়ার্ডে।
হাবড়া, রুদ্র নারায়ন রায়: হাবড়ায় ভোটের দিন রাজনৈতিক সৌজন্যের নজির, খুনসুটিতে ভরল কাউন্সিলর ও বিজেপি প্রার্থীর সাক্ষাৎ। ভোটের দিনেও রাজনৈতিক সৌজন্য ও হালকা মেজাজের এক এমনই বিরল ছবি ধরা পড়ল হাবড়ার ৫ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শঙ্কর ঘোষ এবং বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রের কাছেই এদিন এক সৌজন্য সাক্ষাৎ ঘিরে তৈরি হয় আনন্দের পরিবেশ। সাক্ষাৎকার চলাকালীনই উঠে আসে ভুড়ি কমানোর প্রসঙ্গ।
তৃণমূল কাউন্সিলর শঙ্কর ঘোষকে ভুঁড়ি কমানোর পরামর্শ দেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। মজার ছলে জনপ্রতিনিধিও জানান, হাবড়ার মানুষ খেতে ভালবাসেন, সেই কারণেই তার চেহারা একটু ভারী ভাব এসেছে। তবে তিনি বিজেপি প্রার্থীকে একইসঙ্গে খোঁচা দিয়ে বলেন, বিজেপির ওজন এমনিতেই কম। বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলও হালকা মেজাজে জবাব দেন। তাঁর কথায়, মানুষের মতামত ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং ভোট শান্তিপূর্ণভাবেই হবে। পাশাপাশি ওই জনপ্রতিনিধির কম বয়সের কথা উল্লেখ করে বলেন, সুস্থ থাকার জন্যই তাকে এই পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে এলাকার স্থানীয় ভোটাররা জানান, রাজনৈতিক মতাদর্শ তাদের নিজের নিজের হলেও, বাংলার সৌজন্য ও ব্যক্তিগত সম্পর্কের পরিসর বজায় রেখেই চলা উচিত। আর এদিন জনপ্রতিনিধি ও বিজেপি প্রার্থীর সাক্ষাৎ কোন রাজনৈতিক উদ্দেশ্য না খুঁজে, সৌজন্য সাক্ষাৎ বলেই ধরছেন তারা। যদিও প্রার্থী ও জনপ্রতিনিধির এমন সৌজন্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক মহল অন্য ব্যাখ্যা দিচ্ছেন। ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে দুই রাজনৈতিক দলের নেতার এই সৌজন্যপূর্ণ খুনসুটি উপভোগ করেন এলাকার ভোটাররাও।
North Twenty Four Parganas,West Bengal