Last Updated:
Donald Trump on Iran: ট্রাম্প ইরানের সামনে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া বা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সহ একাধিক ‘বিকল্প’ তুলে ধরেছেন। তিনি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানের সঙ্গে একটি চুক্তির ইঙ্গিতও দিয়েছেন।
কলকাতা, প্রদীপ চক্রবর্ত্তী: রাষ্ট্রপুঞ্জে সাধারণ পরিষদের মঞ্চে ভাষণ দিতে গিয়ে সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে ইরানকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প৷ দাবি করলেন, যতক্ষণ না তারা বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করে, তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে এবং সন্ত্রাসবাদে সমর্থন প্রত্যাহার করে ততদিন একঘরে করে দেওয়া হোক ইরানকে।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে ইরানকে কার্যত প্রচ্ছন্ন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হয় ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি হবে এবং ইরান নতুন করে তৈরি হবে। মধ্য়প্রাচ্য ও বিশ্বের অন্যতম সেরা দেশ হবে। অথবা ইসলামিক রিপাবলিককে তিনি পৃথিবীর মুখ থেকে মুছে দেবেন। এবং এত দ্রুত সেটা করবেন যে ইরান জবাব দেওয়ার সুযোগই পাবে না। তাদের সরাসরি নরকে ঠেলে দেবেন যে বাঁচার কোনও সুযোগই ইরানের থাকবে না।
কিন্তু পাশাপাশি ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরানের সঙ্গে চুক্তি হয়ে যাবে। কারণ ইরানের পক্ষে চুক্তি না করাটা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি এও বলেছেন, আমেরিকার অন্তর্বর্তী নির্বাচনে ট্রাম্পের দল কেমন ফল করে, সেটা দেখার জন্যে ইরান বসে রয়েছে। কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে অন্তর্বর্তী নির্বাচনের ফলাফল যাই হোক, তিনি তাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং তাতে বিশাল ভূমিধস বিজয় পেয়ে তিনি জয়ী হয়েছেন।
ট্রাম্প বলেছেন, রিপাবলিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তিনি তাদের সাহায্য় করছেন। কিন্তু তিনি আরও আড়াই বছর প্রেসিডেন্ট থাকবেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের কথা ভেবে ইরান নিয়ে কোনও পদক্ষেপ করা থেকে তিনি পিছপা হবেন না। তাঁর একটাই লক্ষ্য। ইরান যেন কোনও মতেই পরমাণু অস্ত্র না পায়।
