স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পণ্যের প্রচার না করার জন্য জনপ্রিয় চলচ্চিত্র শিল্পীদের উদ্দেশে আহ্বান জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তরুণদের মনে তারকাদের কথা ও কাজের প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, একজন “প্রকৃত তারকা” অন্ধকার নয়, বরং আলো ছড়িয়ে দেন।
তিনি বলেন, “যখন সফল শিল্পীরা শৃঙ্খলাপূর্ণ জীবনধারার উপকারিতা নিয়ে কথা বলেন, কোটি কোটি শিশু এবং তরুণ তাঁদের অনুকরণ করে। আমি জনপ্রিয় শিল্পীদের অনুরোধ করছি যে তাঁরা যেন এমন কোনও পণ্য সমর্থন না করেন যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একজন সত্যিকারের তারকা হল সেই ব্যক্তি যিনি আলো ছড়ান, অন্ধকার নয়।” কেভাডিয়ার একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটির কাছে বিভিন্ন ক্যাটেগরিতে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। চলচ্চিত্র জগতের নামী-দামি তারকারা অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই উপরের বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আরও আহ্বান জানিয়ে বলেন যে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নির্বাচনের জন্য জুরিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো উচিত। তিনি বলেন, ‘আমি চাই প্রতিটি আঞ্চলিক জুরিতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত হোক,’ এবং উল্লেখ করেন যে অনেক মহিলা এই অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন।
তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির উদ্দেশে আবেদন জানিয়েছেন যে, শ্রমিক, ক্ষুদ্র শিল্পী, সহকারী এবং যারা তাঁদের ছাপ রাখতে সংগ্রাম করে সৃজনশীল অর্থনীতিতে অবদান রাখেন তাঁদের প্রতি সম্মান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে।
মঙ্গলবার ভারতীয় সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধ্যার মঞ্চ প্রস্তুত করা হয় গুজরাটের কেভাডিয়ায় ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার হল দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সিনেমা সম্মানগুলির মধ্যে একটি, যা ফিচার ফিল্ম, নন-ফিচার ফিল্ম এবং সিনেমা সংক্রান্ত লেখার ক্ষেত্রে উৎকৃষ্টতা চিহ্নিত করে। এই পুরস্কার ভাষা, অঞ্চল এবং ফরম্যাট জুড়ে চলচ্চিত্র নির্মাণকে উদযাপন করে।
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৪ সালে ভারতীয় সিনেমায় অসাধারণ কৃতিত্বের জন্য সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানটি বিকেল ৩টায় শুরু হয় এবং ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়েছে।
কেভাডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেলের নামে ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি দিয়ে পরিচিত। সেখানেই এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩১ অক্টোবর, ২০১৮-এ বিশ্বের সর্বোচ্চ এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন। National Film Awards