নবান্ন, হাওড়া: আগামিকাল বিশেষ প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগে নবান্ন সভাঘরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। নবান্ন ও নবান্নের পার্শ্ববর্তী এলাকাও খতিয়ে দেখলেন তাঁরা।
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ও পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা নবান্নের সভা ঘর ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। আগামিকাল ১০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের শীর্ষ কর্তা যেমন কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের সব এসপিদের নিয়ে প্রথম প্রশাসনিক বৈঠক করবেন।
যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামিকাল এখানে বৈঠক করবেন, সেই কারণে নবান্নের সম্পূর্ণ নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখতেই আজ পুলিশ আধিকারিকদের নবান্ন আসা। যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ ও অ্যাডিশনাল সিপি ১। এ ছাড়াও পুলিশের আরও বেশ কিছু আধিকারিক রয়েছেন নবান্নে। আগামিকালের জন্য সিকিওরিটি রিভিউ করবেন তাঁরা।
নবান্নের সভাঘর, দ্বিতীয় হুগলি সেতু থেকে যে র্যাম্প নেমেছে নবান্ন পর্যন্ত, তার চারদিকও ঘুরে দেখছেন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে রিভিউ মিট করছেন তাঁরা।