Last Updated:
Donald Trump: AI-এর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ ট্রাম্পের! আইনগত বাধ্যবাধকতা না থাকলেও ‘নৈতিক অঙ্গীকার’-এ সই Microsoft, Google, Meta, OpenAI-সহ একাধিক টেক জায়ান্টের। AI সংস্থাগুলি নিজেদের কাজের উপর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের নিরাপত্তা আরও জোরদার করার জন্য একটি “নৈতিক অঙ্গীকার” করেছে। তবে এই এগ্রিমেন্ট আইনগতভাবে বাধ্যতামূলক নয়।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটমেন্ট করা হয়। বৈঠকে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন Nvidia-এর CEO জেনসেন হুয়াং, OpenAI-এর প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এবং Anthropic-এর CEO দারিও আমোদেই।
ট্রাম্প জানান, এই চুক্তির মাধ্যমে AI সংস্থাগুলির নিজেদের কাজকর্মের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ রাখার প্রতিশ্রুতিকে লিখিত রূপ দেওয়া হয়েছে। Meta-এর CEO মার্ক জাকারবার্গ বলেন, এই চুক্তির উদ্দেশ্য হল ব্যবহারকারীদের আশ্বস্ত করা যে AI সিস্টেমগুলি “যেভাবে কাজ করার কথা, সেভাবেই কাজ করবে।”
জাকারবার্গের মতে, এই কমিটমেন্টের মধ্যে রয়েছে “শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা” এবং একাধিক স্তরে অডিট বা নজরদারি। এর মধ্যে সংস্থার নিজস্ব ঝুঁকি পর্যালোচনা থেকে শুরু করে বাইরের অডিটর দিয়ে পরীক্ষা এবং কোম্পানির পরিচালনা পর্ষদের নজরদারিও থাকবে।
তিনি আরও বলেন, শিল্পক্ষেত্রজুড়ে AI ব্যবহারের জন্য অভিন্ন নিয়ম ও মানদণ্ড তৈরির পথে এটি একটি প্রাথমিক পদক্ষেপ। হোয়াইট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন Tesla ও X-এর মালিক ইলন মাস্ক, Amazon-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস, Microsoft-এর CEO সত্য নাদেলা এবং Google-এর CEO সুন্দর পিচাই।ওয়াশিংটনে AI-এর দ্রুত বিকাশ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই চুক্তি করা হয়েছে। উন্নত AI সিস্টেমের কারণে মানুষের কাজ কমে যেতে পারে এবং সমাজে নানা ধরনের ঝুঁকি তৈরি হতে পারে—এই আশঙ্কা নিয়ে আইনপ্রণেতাদের উপরও ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ছে।
Anthropic এবং OpenAI-সহ বড় AI সংস্থাগুলিও AI সিস্টেমের সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করেছে। যদিও একই সময়ে তারা এই প্রযুক্তির উন্নয়নও চালিয়ে যাচ্ছে। তবে AI-এর ঝুঁকি নিয়ে যে সতর্কতাগুলি দেওয়া হয়েছে, ট্রাম্প বারবার সেগুলোকে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে চিনের সঙ্গে প্রতিযোগিতায় আমেরিকার অবস্থান আরও শক্তিশালী করতে AI-এর দ্রুত উন্নয়নের পক্ষেও তিনি সমর্থন জানিয়েছেন।
