Last Updated:
Manoj Kumar Agarwal: পরবর্তী নির্দেশিকা না প্রকাশ হওয়া পর্যন্ত মনোজ কুমার আগরওয়ালকে রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের দায়িত্ব দিলেন রাজ্যপাল আরএন রবি৷
কলকাতা: রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পেতে চলেছেন বর্তমানে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে থাকা মনোজ কুমার আগারওয়াল। আজ, সোমবার পুলিশের বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপস্থিত সকলের উদ্দেশে এই কথা জানান। পরে ১১ মে, ২০২৬ এর তারিখের একটি নোটিসে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডের তরফে জানানো হয়, রাজ্যপাল আরএন রবি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে মুখ্যসচিব পদে নিয়োগ করছেন৷ পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে ওই নোটিসে৷ এদিন পরবর্তী মুখ্যসচিব হিসাবে বিদায়ী মুখ্যসচিবের হাত থেকে দায়িত্ব বুঝে নেন মনোজ কুমার আগরওয়াল৷
রাজ্যের এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়া৷ সবটাই হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের তত্ত্বাবধানে৷ রাজ্যপালের জারি করা একটি আদেশ অনুসারে, মনোজ আগরওয়াল , যিনি এর আগে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক (নির্বাচন) বিভাগের রাজ্য সিইও এবং পদাধিকারবলে অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন, তাঁকে রাজ্য সরকারের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার নবান্নের ১৪ তলায় মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বৈঠকে অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের মাঝেই নজর কে়ড়েছিল রাজ্যের বর্তমান সিইও মনোজকুমাক আগরওয়ালের উপস্থিতি৷ শুরু হয়েছিল জল্পনা৷ শোনা যাচ্ছিল, ফলতা বিধানসভায় পুর্নির্নির্বাচনের পরেই হয়ত তিনি রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পেতে পারেন৷ দিন গড়াতে এল সেই নির্দেশিকা৷
১৯৯০ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন ঊর্ধ্বতন আইএএস আধিকারিক মনোজ আগরওয়াল সিইও (রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক) হিসেবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তত্ত্বাবধান করেন।
এই নির্দেশিকা প্রসঙ্গে বিজেপির সূত্রে বলা হয়েছে, “প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বহু আধিকারিককে ডিঙিয়ে আইএএস-এর নিয়মকানুন নির্লজ্জভাবে লঙ্ঘন করে আমলাতন্ত্রকে নস্যাৎ করেছিলেন, তাঁর থেকে ভিন্ন, পশ্চিমবঙ্গ বিজেপি সরকার দেশের আইনের মর্যাদা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের প্রবীণতম আইএএস আধিকারিক শ্রী মনোজ আগরওয়ালকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করেছে।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিশেষ পর্যবেক্ষক হিসাবে দায়িত্বপ্রাপ্ত সুব্রত গুপ্তকে তাঁর নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরই সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়।
