Last Updated:
Vande Mataram: স্কুল প্রার্থনায় ‘বন্দে মাতরম্’ গাওয়ার নির্দেশিকা জারি হয়েছে এবং বেসরকারি স্কুলগুলোকেও এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্র নভেম্বর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত ‘বন্দে মাতরম্’ গানের ১৫০ বছর উদযাপন করছে।
কলকাতাঃ প্রার্থনা সঙ্গীত জাতীয় সঙ্গীতের পর বন্দেমাতারাম গাইতে হবে। ইতিমধ্যেই স্কুলে স্কুলে এই নির্দেশিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। এতদিন স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সংগীত বাংলার মাটি – বাংলার জল গাওয়া হত। কিন্তু এবার জাতীয় সংগীতের পর বন্দেমাতারাম গান গাওয়া হবে। সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রার্থনার সময়ে গাইতে হবে ‘বন্দে মাতরম্’ গান।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান ২০২৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছিল তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বেসরকারি স্কুলকেও আবেদন করছি বন্দেমাতরম প্রার্থনা সঙ্গীত হিসাবে স্কুলে গাওয়ার জন্য।’ কেন্দ্রের পক্ষ থেকে নভেম্বর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত বন্দে মাতরম্ গানের ১৫০ বছর উদযাপন করছে।
কিন্তু, রাজ্য সঙ্গীত আর স্কুলগুলিতে প্রার্থনার সময় গাওয়া হবে কি না, তা নিয়ে বর্তমান সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ফলে স্কুলগুলিতে আপাতত পড়ুয়াদের প্রার্থনার সময় তিনটি গান গাইতে হবে। বর্তমানে স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। তাই, আগামী ১লা জুন স্কুল খোলার পরেই যেন এই নির্দেশ কার্যকর করা হয় তার জন্য আগাম প্রস্তুতির জন্য ইতিমধ্যে উদ্যোগী হয়েছে বিভিন্ন স্কুল।
Kolkata,West Bengal
May 14, 2026 12:06 PM IST
