মুম্বই: চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা বেশ শোচনীয়। শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারতে হয়েছে পল্টনদের। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (MI vs SRH) ব্যাট হাতে প্রথম ইনিংসে বড় রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে অনবদ্য শতরান হাঁকালেন রায়ান রিকেলটন (Ryan Rickelton) এবং তাঁর শতরানে ভর করেই নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৪৩ রান তুলল মুম্বই।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। পল্টনদের হয়ে এই ম্যাচে এক নতুন ওপেনিং জুটি নামে। রিকেলটনের সঙ্গে ওপেনিংয়ে নামেন উইল জ্যাকস। ওয়াংখেড়ের পাটা পিচে কিন্তু এই নতুন ওপেনিং জুটি সানরাইজার্স বোলারদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট হাতে ঝড় তোলেন। মাজ্ঞ ৪.১ ওভারেই বিনা উইকেটে ৫০ রানের গণ্ডি পার করে পল্টনরা। পাওয়ার প্লে শেষ হতে হতে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৭৮ রান। তবে ঠিক যখন মনে হচ্ছিল জ্যাকস মাঠে নেমেই অর্ধশতরান হাঁকাবেন, তখনই তাঁকে সাজঘরে ফেরত পাঠান নীতীশ কুমার রেড্ডি। ২২ বলে তাঁর সংগ্রহ ৪৬ রান।
আরও পড়ুন:- ম্যাচের মাঝে সাজঘরে ধূমপান, রিয়ান পরাগকে চিঠি পাঠাচ্ছে BCCI! নেওয়া হবে কড়া সিদ্ধান্ত?
তিনে নামা সূর্যকুমার যাদবের হতাশাজনক মরশুম এদিনও অব্যাহত থাকে। তিনি মাত্র পাঁচ রান করে সাজঘরে ফেরেন। তবে রিকেলটন ক্রিজে টিকে থাকেন। তিনি মাত্র ২৩ বলে অর্ধশতরান পূরণ করে ফেলেন। তাঁকে সঙ্গ দেন চার নম্বরে ব্য়াটিংয়ে নামা নমন ধীর। রিকেলটন ও নমন দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। ইনিংসের ১৫তম ওভারে ১৪ রান তুলে নিজের প্রথম আইপিএল শতরানও পূরণ করেন, তাও মাত্র ৪৪ বলে। রিকেলটন মুম্বই ইন্ডিয়ান্সের মাত্র দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে শতরান পূরণ করেন।
প্রফুল হিঙ্গের বলে ধীর ২২ রানে আউট হলে ক্রিজে নামেন হার্দিক পাণ্ড্য। তিনিও রিকেলটনের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। হার্দিককে অনবদ্য ছন্দে দেখায়। তিনি ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষমেশ ২৪৩ রানে থামে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ১২৩ রান করেন রিকেলটন। এটাই কোনও মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটারের খেলা সর্বকালের সর্বাধিক রানের ব্যক্তিগত ইনিংস। এবার দেখার এই ইনিংস দলকে জয় এনে দিতে সক্ষম হয় কি না।