Last Updated:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গতকাল পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে৷
পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিভিশনাল অফিসে গিয়ে পুলিশ আধিকারিক এবং কর্মীদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তাঁর থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবেন না৷
গতকাল পার্ক সার্কাসে জমায়েত সরাতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে৷ পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হন৷ এ দিন সেই আহত পুলিশকর্মীদের দেখতে এবং পুলিশের মনোবল বাড়াতে পার্ক সার্কাসে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের অফিসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
পুলিশকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আইনভঙ্গকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গতকাল এখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে৷ কেউ বিক্ষোভ করতে পারেন৷ কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে, আইন মেনে করতে হবে৷ এটা আমরা পুলিশকেও বলেছি৷ কিন্তু হঠাৎ করে কিছু মানুষকে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া৷ এটা শ্রীনগরেও বন্ধ হয়েছে, কলকাতাতেও বন্ধ হয়ে যাবে৷ এই কাজগুলো করবেন না৷ যদি ভাবেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে তাহলে ভুল করবেন৷ আগের মতো পুলিশের হাত পা বেঁধে রাখা হবে ভাবলে ভুল করবেন৷ কোনও ধরনের গুন্ডামি, দেশবিরোধী কাজ বরদাস্ত করা হবে না৷ একটা পুলিশের গায়ে হাত পড়লে সরকার যা করার করবে, যতদূর যেতে হয় সরকার যাবে৷ শুধু গ্রেফতার নয়, অভিযুক্তদের যাতে শাস্তি হয়, তাও নিশ্চিত করবে সরকার৷’
পুলিশকর্মীদের মনোবল বাড়াতে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘পুলিশকেও বলছি বিএনএস-এ যা বলা হয়েছে সেই অনুযায়ী আপনারা নির্ভয়ে করুন৷ কে কোন দলের, কোন ধর্ম, কোন সম্প্রদায়ের লোক, কোন প্রভাবশালীর ঘনিষ্ঠ এসব দেখার দরকার নেই৷ প্রধানমন্ত্রী বার বার বলেছেন ভয় আউট ভরসা ইন৷ কলকাতা পুলিশ যে উচ্চতায় ছিল, সেখানে ফিরিয়ে আনুন৷’
আইনভঙ্গকারীদের কড়়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ‘পার্ক সার্কাস সহ যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, তারা কান খুলে শুনে রাখুন, এটাই শেষ ঘটনা৷ এর পর এরকম ঘটনা ঘটলে আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না৷ পুলিশ আহত হবে আর পুলিশমন্ত্রী এসি ঘরে বসে দেখবে, সেসব এখন অতীত৷ এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে৷’
তবে গতকাল পার্ক সার্কাসে যে ঘটনা ঘটেছে তাতে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুপ অধিকারী৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সবরকম ভাবেই পুলিশ বাহিনীর পাশে আছে৷
Kolkata,West Bengal
