Last Updated:
ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ভবানীপুরে বাঙালি ছাডা়ও গুজরাতি, মারোয়াড়ি, উৎকল সম্প্রদায়ের বিপুল সমর্থন পেয়েছেন তিনি৷
কলকাতা: ভোটের পর ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন সভায় গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন ভবানীপুরের ৬৩ নম্বর ওয়ার্ডে সভা করেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এতদিন বিধায়ক কেমন হয় তা জানতেন না ভবানীপুরের বাসিন্দারা৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘বিধায়ক কেমন হয়, তাঁর কাজ কী ভবানীপুরের মানুষ জানত গত ১৫ বছরে না৷ ভবানীপুরে এতদিন ভয়ের পরিবেশ ছিল৷ এবার আপনারা দেখবেন বিধায়ক কেমন হয়৷ আপনাদের ভাই এখন বিধায়ক৷ ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্যে ৭টিতেই আমি একমাসের মধ্যে বিধায়ক অফিস করব৷ শুধু ৭৭ নম্বর ওয়ার্ডে বিধায়ক অফিস করব কি না, পরে ভেবে দেখব৷’
শুভেন্দু দাবি করেছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটকেন্দ্রে ভোট দেন, সেই মিত্র ইন্সস্টিটিউশনের চারটি বুথেই তিনি লিড পেয়েছেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘যে নিজের বুথে জিততে পারে না, সেখানে রাস্তা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ৷ টাটা বাই বাই, আপনার রাজনীতির দিন শেষ৷ কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম যেখানে ভোট দেন সেই চেতলা গার্লসের পাঁচটা বুথেও আমার লিড৷’
ভবানীপুরের মানুষের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘এই ঋণ আমি শোধ করব৷ আমাকে আরও দু তিন সপ্তাহ সময় দিন৷ যা যা আপনারা ভেবেছেন আমরা একটা একটা করে করছি৷’
Kolkata,West Bengal
