Last Updated:
ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ দুর্নীতির পাশাপাশি গাড়িচালক, ঝাড়ুদার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগেও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, অয়ন শীলের সংস্থার মাধ্যমে ওএমআর শিটে কারচুপি করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়ের বিরুদ্ধেও সিবিআই চার্জশিট জমা দিয়েছে।
কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি৷ এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তকে তলব করল ইডি। নিতাই দত্ত বর্তমানে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
ইডি সূত্রের খবর, এর আগেও একাধিকবার নিতাই দত্তকে তলব করা হয়েছিল৷ উত্তরে ইডি-কে চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ রয়েছেন। এবার আবারও তলব করা হল তাঁকে৷ আগামিকাল মঙ্গলবার, হাজিরা দিতে পারেন বলে খবর।
গত ১১ মে ইডির দফতরে টানা সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে। এর আগে, ৬ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে তলব করা হয়েছিল সুজিত বসুকে। তার আগেও অনেকবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিতকে তলব করা হয়েছিল ইডি দফতরে৷ কিন্তু তিনি ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা এড়িয়ে যান।
ইডি সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভায় ৩২৯ জনের অযোগ্য প্রার্থীর নিয়োগ করা হয়েছিল৷ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি অভিযোগের সঙ্গে ছিল গাড়ির চালক, ঝাড়ুদার, স্বাস্থ্য কর্মীর নিয়োগেও দুর্নীতি৷ অভিযোগ, অয়ন শীলের সংস্থার মাধ্যমে ওএমআর শিটে কারচুপি করা হয়েছিল এই নিয়োগে৷ সংশ্লিষ্ট পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়ের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই৷
অভিযোগ, পাঁচু রায় ও সুজিত বসুর মাধ্যমে অয়ন শীলের সংস্থার সাহায্যে ওএমআর শিটে নম্বর বিকৃত করা হয়েছিল৷ এমনকী, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে শূন্য পেলেও পাঁচু ও সুজিতের নির্দেশে অযোগ্যদের চাকরি পাকা হয়েছিল বলে অভিযোগ৷
ইডি সূত্রের খবর, টাকা এবং জায়গা জমির লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য হিসাবের গরমিল ছিল৷ সেই সমস্ত নিয়ে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়৷ রাতেই সুজিত বসুর মেডিক্যাল পরীক্ষা করিয়ে কোর্টে নিয়ে যাওয়ার কথা৷
