সৌভিক মজুমদার, কলকাতা : FIR খারিজের আবেদন নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে তাঁর মন্তব্যের জেরে হিংসায় উস্কানি দেওয়া হয়েছে, এই অভিযোগের সঙ্গে সঙ্গে আরও অনেক অভিযোগে একাধিক ধারায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় FIR দায়ের হয়েছে কিছুদিন আগেই। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের করার ক্ষেত্রে ভোট প্রচারের অনেক ভিডিও ক্লিপিংস দেখানো হয়েছে বলেও সূত্রের খবর। এই এফআইআর খারিজের আবেদন নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। তাঁরই এজলাসে আগামী ২১ মে শুনানির সম্ভাবনা।
এফআইআর খারিজের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর একাধিক মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছেন, উস্কানি দিয়েছেন, এই মর্মে গত ১৫ মে বিধাননগর থানায় একটি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআরের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মাননীয় বিচারপতি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। সেই মর্মেই এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২১ মে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
এবার বিধানসভা নির্বাচন হওয়ার আগে ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল বিভিন্ন ধরনের শব্দবন্ধ। যেমন ‘৪ তারিখে ডিজে বাজবে’ কিংবা ‘দিল্লির কোন বাবা আসবে বাঁচাতে’… তালিকায় রয়েছে আরও অনেক কিছুই। গত ৪ মে গেরুয়া ঝড়ে পশ্চিমবঙ্গে কার্যত ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনে তারা পেয়েছে মাত্র ৮০টি আসন। অন্যদিকে বিপুল সংখ্যক আসন, ২০৭টি আসন পেয়ে ভোটে জিতেছে বিজেপি। তারপরই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের হয় এফআইআর। অভিযোগ, নিজের মন্তব্যের মাধ্যমে হিংসা ছড়িয়েছেন তিনি, উস্কানি দিয়েছেন। এই এফআইআর খারিজের দাবি নিয়েই সোমবার কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।