কলকাতা: শেষ পর্যন্ত গ্রেফতার কসবার ত্রাস সোনা পাপ্পু। গত সাড়ে তিন মাস ধরে ফেরার থাকার পর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার। আগেই গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুর ঘনিষ্ঠ ব্য়বসায়ী জয় কামদার। DCP শান্তনু বিশ্বাসকেও ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। পালাবদলের পর এই নিয়ে পর পর তৃণমূল নেতারা গ্রেফতার হলেন। (TMC Leaders Arrested)
তোলাবাজি থেকে সন্ত্রাস, রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটতেই গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা। (TMC News) সেই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে—
- তোলাবাজির অভিযোগে সঙ্গী-সহ বর্ধমানের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার।
- ভোটের আগে হিংসার অভিযোগে গ্রেফতার কোচবিহারের ব্লক তৃণমূল সভাপতি।
- গ্রেফতার ৩: তোলাবাজি এবং ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় মাথাভাঙার তৃণমূল কাউন্সিলর গ্রেফতার।
- ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার গুড়াপের তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৩।
- তোলাবাজির অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র তথা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ।

- তোলাবাজি এবং ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় দুর্গাপুর তৃণমূলের ২ ব্লক সভাপতি গ্রেফতার।
- মলয় ঘটক ঘনিষ্ঠ আসানসোলের INTTUC নেতা গ্রেফতার। তোলাবাজির অভিযোগ রয়েছে।
- অস্ত্র মামলায় ফেরার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে গ্রেফতার।
- তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগর ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
- নাগেরবাজারে স্পা-এর আড়ালে দেহ ব্যবসার অভিযোগ। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নেপথ্যে দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অভিযোগ স্থানীয়দের। তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ।
গতকাল আবার চার জনের নাম খোলসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলাগাম দুর্নীতির অভিযোগে ওই চার জন অভিযুক্ত বলে দাবি করেন তিনি। পুর কমিশনারকে চার জনের নাম জানিয়েছেন ইতিমধ্যেই। তালিকায় প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন তিনি। বলেন, “একটা বেলেঘাটার রাজু নস্কর, ১৮টি সম্পত্তি। কসবার সোনা পাপ্পু, ২৪টি সম্পত্তি। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডসের নামে ১৪, নিজের নামে ৪, বাবার নামে আরও ৬টি, ২৪টি সম্পত্তি। চতুর্থ নাম জাভেদ খানের ছেলে, ১৯টি সম্পত্তি। ওরা লুঠ করেছে। শান্তনু সিনহা বিশ্বাস, সুজিত বসু যেমন ভিতরে, আগামীতে সব দুর্নীতিবাজদের জেলে ঢোকানোর কাজ আইনি পথে সম্পন্ন করবে বিজেপি।” এর মধ্যে সোনা পাপ্পু গ্রেফতার হয়েছেন গতকালই।