Last Updated:
Suvendu Adhikari: ফলতা বিধানসভায় প্রচারে এসে শুভেন্দু অধিকারী প্রয়াত কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন। মেনুতে থাকবে ভাত-ডাল-ইলিশ-চিংড়ি। পরিবারের দাবি, মিথ্যে অভিযোগে গ্রেফতারের পর জেলবন্দি অবস্থায় মৃত্যুর ঘটনায় তাঁরা ন্যায়বিচার চান।
ফলতাঃ আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন৷ তার আগে আজ দিনভর ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ফলতা বিধানসভা ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মধ্যাহ্নভোজ করবেন দলের প্রয়াত এক কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে। ২০২১ সালে ভোটের আগে মিথ্যে অভিযোগে স্বপন মণ্ডল কে গ্রেফতার করা হয়েছিল। একাধিক মিথ্যে অভিযোগ দেওয়া হয়।
জেলবন্দি থাকা অবস্থাতেই মৃত্যু হয় স্বপন মণ্ডলের। সেই সক্রিয় কর্মীর বাড়িতে আজ, মঙ্গলবার মধ্যাহ্নভোজ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মধ্যাহ্নভোজে ভাত ডাল ছাড়াও দু-তিন রকম মাছের (ইলিশ চিংড়ি) আয়োজন করা হয়েছে। স্বপন মন্ডল-এর স্ত্রী নিজেই রান্না করছেন। মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাবেন স্বপন মন্ডলের পরিবার।
নির্বাচনে বেনিয়মের অভিযোগে ফলতার গোটা ভোটগ্রহণ প্রক্রিয়াই বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ আগামী বৃহস্পতিবার ফলতায় পুনরায় ভোটগ্রহণ হবে৷ তার আগে আজই প্রচারের শেষ দিন৷ আগামী ২৪ মে ফলতার নির্বাচনে ভোট গণনা হবে৷ জানা গিয়েছে, আজ ফলতা বিধানসভার প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সকাল ১১টা নাগাদ ফলতায় এসে পৌঁছনোর কথা তাঁর৷ বিকেল ৪ পর্যন্ত ফলতাতেই থাকার কথা মুখ্যমন্ত্রীর৷
গত শনিবারও ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই সভা থেকেই ফলতার তৃণমূল প্রার্থীকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ ফলতার তৃণমূল প্রার্থীর উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোথায় পুষ্পা? সেই ডাকাতটা কোথায়? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম৷ শুধু তাই নয়, ফলতার নির্বাচনে বিজেপি প্রার্থীকে অন্তত ১ লক্ষ ভোটে জেতানোর আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
Kolkata,West Bengal
May 19, 2026 12:14 PM IST
