উজ্জ্বল মুখোপাধ্যায়, ফলতা : ফলতায় রণে ভঙ্গ জাহাঙ্গির খানের। ঝুঁকলেন ‘পুষ্পা’। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থীর।
ভোটের আগেই ঝুঁকলেন পুষ্পা। যুদ্ধের আগেই পালালেন যুদ্ধক্ষেত্র থেকে। পুনর্নির্বাচনের প্রচারে দেখা গেল না তাঁর ‘গুরুকে’। রাজ্য়ে ক্ষমতা বদলাতেই সামনে চলে এল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। তাঁর রাজনৈতিক শিষ্য় শুধু ভোটের ময়দান ছেড়েই পালালেন না। তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর প্রশংসাও।
জাহাঙ্গির খান বললেন, “মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজ দিচ্ছেন। সেইজন্য আমি আগামী ২১ মে যে রিপোল আছে, সেই রিপোলের কনটেস্ট (প্রতিদ্বন্দ্বিতা) থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।”
ভোটে জয় তো দূরের কথা, ফলতার সব বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতাটুকুও কি ছিল একদা দোর্দণ্ডপ্রতাপ জাহাঙ্গির খানের ? তাই কি অসহায় আত্মসমর্পণ ? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সো কলড সেল্ফ ডিক্লিয়ার্ড পুষ্পা। পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে।”
একসময়ে রিলের মতোই পুষ্পার স্টাইলে বলেছিলেন, ঝুকেগা নেহি। রাজ্য়ে পালাবদলের পর ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সেই পুষ্পাকেই সরাসরি হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না।”
এরপরই উবে গেল ‘পুষ্পা দ্য ফায়ার’-এর তেজ। নিভে গেল আগুন। ঝুকেগা নেহি বলেও, ঝুঁকলেন। আর শুধু যে ঝুঁকলেন, তা নয়। পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে, ভোটের ময়দান থেকে কার্যত পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পেরিয়ে যাওয়ার পর ভোটে না লড়ার সিদ্ধান্ত। প্রার্থী পদ প্রত্যাহার না করায় EVM-এ নাম থাকবে জাহাঙ্গির খানের, নির্বাচন কমিশন সূত্রে খবর।
রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফলপ্রকাশ।
এদিকে এই আবহে এবার কাটমানির টাকা ফেরতের দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ঠিকাদাররা। জাহাঙ্গির খান পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ। তাঁদের কাছ থেকে কোটি কোটি টাকা কাটমানি হিসাবে নেওয়া হত, তারপরেই তাঁরা কাজ পেতেন বলে অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। বিক্ষোভকারী বক্তব্য, “আমরা কাটমানির টাকা ফেরত চাই। সেই টাকা ফেরতের দাবিতে আমরা পোস্টার মেরেছি।” ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সেখানে।