সিবিল বা Credit Information Bureau India Limited হল দেশের প্রথম ক্রেডিট তথ্য সংস্থা। কোনও ব্যক্তি ঋণ বা ক্রেডিট কার্ডের টাকা কী ভাবে শোধ করছেন, তার সমস্ত রেকর্ড সংরক্ষণ করে এই সংস্থা। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হয় সিবিল স্কোর।
এটি মূলত ৩০০ থেকে ৯০০-র মধ্যে একটি তিন অঙ্কের সংখ্যা, যা বোঝায় কোনও ব্যক্তি ঋণ নেওয়া ও শোধ করার ক্ষেত্রে কতটা নির্ভরযোগ্য। ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি ঋণ কিংবা ক্রেডিট কার্ড দেওয়ার আগে এই স্কোরই যাচাই করে। সাধারণভাবে ৭৫০ বা তার বেশি স্কোরকে খুব ভালো বলে ধরা হয়। এই স্কোর থাকলে সহজেই ঋণ বা ক্রেডিট কার্ড মেলে। অন্য দিকে, ৬৫০-এর নিচে স্কোর থাকলে ঋণ পেতে সমস্যা হয় এবং সুদের হারও বেশি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হোম লোনের জন্য আদর্শ সিবিল স্কোর হওয়া উচিত অন্তত ৭২০-এর উপরে। সিবিল স্কোর উন্নত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা—
প্রথমত, আগে থেকে কোনও ঋণ থাকলে তার ইএমআই সময়মতো পরিশোধ করা অত্যন্ত জরুরি। কিস্তি দিতে দেরি হলে সরাসরি তার প্রভাব পড়ে সিবিল স্কোরে।
দ্বিতীয়ত, অল্প সময়ের ব্যবধানে বারবার ঋণ বা ক্রেডিট কার্ডের আবেদন করা উচিত নয়। এতে ব্যাঙ্কের কাছে এমন ধারণা তৈরি হয় যে ব্যক্তি আর্থিক ভাবে চাপে রয়েছেন এবং ধারনির্ভর হয়ে পড়েছেন। এই প্রবণতাকে বলা হয় ‘ক্রেডিট হাঙ্গার’, যা সিবিল স্কোরের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
তৃতীয়ত, ক্রেডিট কার্ড ব্যবহার করলে তার বিল নির্দিষ্ট সময়ের মধ্যে মেটানো জরুরি। বিল বকেয়া থাকলে শুধু জরিমানাই নয়, সিবিল স্কোরও ক্ষতিগ্রস্ত হয়।
চতুর্থত, সুরক্ষিত ঋণ যেমন হোম লোন বা গাড়ির ঋণ এবং অসুরক্ষিত ঋণ যেমন পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড— এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। শুধুমাত্র পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের উপর নির্ভরতা ভালো হিসেবে দেখা হয় না।
পঞ্চমত, বছরে অন্তত দু’বার নিজের ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করা উচিত। এতে ভুল তথ্য বা আপনার নামে কোনও অজানা ঋণ রয়েছে কি না, তা দ্রুত ধরা পড়ে এবং সময়মতো সংশোধনের সুযোগ পাওয়া যায়।
নিজের সিবিল স্কোর অনলাইনে খুব সহজেই দেখা যায়। এর জন্য CIBIL-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে ‘Get Free CIBIL Score and Reports’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নাম, ই-মেল, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং প্যান নম্বর দিলেই স্কোর সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।