Last Updated:
Mamata Banerjee: গত বৃহস্পতিবারই বাতিল করা হয়েছিল অধিবেশন৷ তারপর আজ, শুক্রবার সকালে পুরসভায় আসতে শুরু করেন তৃণমূলের কাউন্সিলররা৷ এসেছিলেন চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিমও৷ কিন্তু, অধিবেশন কক্ষে তালা দেওয়া থাকায় কাউন্সিলর্স স্টাফ রুমেই অধিবেশন সারেন তাঁরা৷ যা কলকাতা পুরসভার ইতিহাসে বেনজির ঘটনা৷
কলকাতা: কলকাতা পুরসভা নিয়ে সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি৷ গত বহস্পতিবার অধিবেশন স্থগিত করার নির্দেশের পরে আজ অধিবেশন কক্ষের বাইরে মালা রায়দের ‘অধিবেশন’ এবং পরবর্তী ক্ষেত্রে ওই ঘটনার প্রেক্ষিতে বিজেপি কাউন্সিলর সজল ঘোষদের তীব্র প্রতিক্রিয়ায় রাজনৈতিক তাপ বেড়েছে৷ পাশাপাশি, এদিন কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে কালীঘাটের কার্যালয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও বেশ কয়েকজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন বলে সূত্রের খবর৷ সব মিলিয়ে রাজ্যের পালাবদলে পুরসভাগুলিতেও দেখা দিয়েছে ‘ডামাডোল’৷
সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ আজ পুরসভায় যে ভাবে ঘরেও ঢুকতে দেয়নি। এটা অবৈধ। ববি তুমি ডোরিনা ক্রসিং এ একটা ধরনার জন্য ডেট ঠিক করো। কাউন্সিলররা থাকবে। পুলিশ কেস দেবে। দিক। পুলিশ কেস দিলে দল লড়াই করবে আইনজীবী দিয়ে। এভাবে চলতে পারে না। নোটিস দিলেই যে এসে ভেঙে দেবে তা নিয়ম না। ভাঙারও প্রসেস আছে। আগে প্রমাণ করতে হয়।’’ মমতার বার্তা, ‘‘কেউ পদত্যাগ করবে না। দল পাশে আছে ওরা (বিজেপি) চাপ দেবে। কিন্তু পদত্যাগ করবে না কেউ।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কাউন্সিলরদের উদ্দেশে জানান, ‘‘আপনাদের মানুষ ৫ বছরের জন্য জিতিয়েছে। আপনারা আপনাদের কাজ করুন। মানুষ ঠিক করবে আপনাদের রাখবে কিনা। বিজেপি নয়।’’
অন্যদিকে, বিজেপির তরফে অভিযোগ, পুর সচিবকে হুমকি দেয়েছে তৃণমূল৷ কমিশনারের সঙ্গে দেখা করার পরে সজল ঘোষ বলেন, ‘‘বিদায়ী সচিব এবং নতুন সচিব দুজনের সঙ্গে দেখা করেছি তৃণমূল কংগ্রেসের যে দল এসেছিল তাদের সঙ্গে দেখা করতে তারা সচিবকে থ্রেট করেছে। তাদের ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে বাইরে গেলে দেখে নেওয়ার কথা বলেছে। আমরা কমিশনের সঙ্গে দেখা করে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। পুলিশে অভিযোগ জানাতে বলেছি। যে মকারি করা হয়েছে মক পার্লামেন্টের নামে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। উনি বলেছেন পুরসভার আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন আজকের যে অধিবেশন হয়েছে এটা উনি জানতেন না৷’’
Kolkata,West Bengal
