আমদাবাদ: আইপিএল (IPL 2026) মরশুমের শুরুতে তিনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অংশ ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। প্রতি বছরের মতোই এ বারের আইপিএলের দিকেও মাহি-অনুরাগীরা তাকিয়ে ছিলেন। আশা ছিল তাঁদের প্রিয় ক্রিকেটার ফের একবার হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন। তবে বিগত ১৮টি আইপিএলে মরশুমে মাঠে নামলেও, এ মরশুমে একটিও ম্য়াচ খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। এরপরেই জল্পনা শুরু হয়েছে মাহির কি আইপিএল কেরিয়ারের যবনিকা পতন হল?
চেন্নাই সুপার কিংসের প্লে-অফে পৌঁছনোর আশা এমনিই কম ছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে যে অবশিষ্ট আশাটুকু ছিল, সেটাও শেষ হয়ে গিয়েছে। সমাপ্ত হয়েছে সিএসকের এবারের আইপিএল মরশুম। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন জাগছে যে এ বছর একটিও ম্যাচ না খেলা ধোনিকে কি আর কোনওদিন আইপিএলে খেলতে দেখা যাবে? গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচশেষে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে।
ম্যাচের পর সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কিন্তু পরের বছরে ধোনির আইপিএল খেলার আশা জিইয়ে রাখলেন। তিনি জানান, ‘আপনারা, এমনকী আমি নিজেও এই বিষয়টা আগামী বছরেই জানতে পারব। নিঃসন্দেহেই ওঁ থাকলে শেষের ওভারগুলিতে প্রতিপক্ষদের মনে একটা ভয় কাজ করে, তাই ওঁর অনুপস্থিতিটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। ওঁকে আমরা খুবই মিস করেছি। কিন্তু দিনশেষে পরের মরশুমে কী হতে চলেছে সেটা তো আর আমরা কেউই জানি না।’
আরও পড়ুন:- মুম্বই ম্যাচে পেয়েছিলেন চোট, কেমন আছেন অঙ্গকৃষ রঘুবংশী? জানালেন কেকেআর কোচ
দীর্ঘদিনের হাঁটুর সমস্যা তো ছিলই, সেই সমস্যা কাঁটাতে ধোনি অস্ত্রোপচারও করান। তবে আবারও দানা বাঁধে চোট। এ বারের আইপিএল মরশুম শুরুর ঠিক আগেই সিএসকের অনুশীলনে পেশিতে চোট পেয়েছিলেন মাহি। সেই চোট সারিয়ে বহুদিন অনুশীলন করলেও, ম্যাচ খেলেনি। শেষমেশ রিপোর্টে দাবি করা হচ্ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি খেলতে পারেন এবং দলের সঙ্গে সফর করার জন্য তাঁর টিকিটও বুক করা হয়েছিল। তবে ফের একবার বাধা হয়ে দাঁড়ায় চোট। ম্যাচের আগে তিনি বুড়ো আঙুলে চোট পান বলে খবর। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের রাতে চিপকে উপস্থিত দর্শকদের যখন প্রথা মেনে সিএসকে ক্রিকেটাররা ধন্যবাদ জানাচ্ছিলেন, তখনউ তাঁর ডান হাতের বুড়ো আঙুলে ব্যান্ডেজও দেখা যায়। সেই কারণেই মাহির এ মরশুমে একটিও ম্যাচ খেলা হয়নি। তবে পরের মরশুমে কী হবে, সেটা জানার জন্য কিন্তু আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনও বিকল্প নেই।