Last Updated:
এবারের দাম বৃদ্ধির ফলে গত দু সপ্তাহে প্রতি লিটারে পেট্রোল- ডিজেলের দাম লিটার পিছু প্রায় ৫ টাকা করে বৃদ্ধি পেল৷
আরও এক দফা বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম৷ এই নিয়ে গত দু সপ্তাহে তিন বার বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম৷ পেট্রোলের দাম লিটার পিছু ০.৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ০.৯১ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে৷
এবারের দাম বৃদ্ধির ফলে কলকাতায় লিটারপিছু পেট্রোলের নতুন দাম দাঁড়াল ১১০.৬৪ পয়সা৷ কলকাতায় পেট্রোলের পুরনো দাম ছিল ১০৯.৭০ পয়সা প্রতি লিটার৷ অর্থাৎ কলকাতায় প্রতি লিটারে ০.৯৪ পয়সা বৃদ্ধি পেল পেট্রোলের দাম৷
অন্যদিকে, কলকাতায় ডিজেলের নতুন দাম দাঁড়াল ৯৭.০২ টাকা প্রতি লিটার৷ কলকাতায় ডিজেলের দাম ছিল ৯৬.০৭ পয়সা প্রতি লিটার৷ ফলে, কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে ০.৯৫ পয়সা বৃদ্ধি পেল৷
দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম দাঁড়াল যথাক্রমে ৯৯.৫১ টাকা, ১০৮.৪৯ টাকা এবং ১০৫.৩১ টাকা৷ অন্যদিকে এই তিন মেট্রো শহরে ডিজেলের নতুন দাম দাঁড়াল দিল্লিতে ৯২.৪৯ টাকা প্রতি লিটার, মুম্বইয়ে ৯৫.০২ টাকা প্রতি লিটার এবং চেন্নাইয়ে ৯৬.৯৮ টাকা প্রতি লিটার৷
আমেরিকা এবং ইরানের যুদ্ধের ফলে অবরুদ্ধে হয়ে রয়েছে হরমুজ প্রণালী৷ ফলে একদিকে যেমন জ্বালানির সরবরাহে টান পড়েছে, একই সঙ্গে গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দামে অনেকটাই বৃদ্ধি হয়েছে৷ যার ফলে বিশ্বের বহু দেশেই দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট৷ যার আঁচ পড়েছে ভারতেও৷
এর আগে দু দফায় দাম বাড়লেও পেট্রোল-ডিজেলের ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা ছিলই৷ গত ১৫ মে লিটার পিছু পেট্রোল ডিজেলের দাম এক ধাক্কায় ৩ টাকা করে বাড়ানো হয়৷ এর পর ফের ১৯ মে প্রতি লিটারে আরও ৯০ পয়সা করে বেড়েছিল পেট্রোল এবং ডিজেলের দাম৷
অপরিশোধিত তেল আমদানি করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলিকে যে বিপুল ঘাটতি দিতে হচ্ছে, তার কিছুটা পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে উসুল করা হচ্ছে৷ তবে জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির জেরে মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও জোরাল হচ্ছে৷ পণ্য পরিবহণের খরচ বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে৷
Kolkata,West Bengal
